২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জের এনায়েতপুরে পুলিশ - আ. লীগ সংঘর্ষ, আহত ২০

জেলার এনায়েতপুর থানার বেতিল গ্রামে বুধবার আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে এক দারোগাসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2006, 08:07 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

গুরুতর আহত অবস্থায় তিনজনকে খাজা ইউনুস আলী (রাঃ) মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার ঢাকায় প্রধানমন্ত্রীর অফিস ঘেরাও কর্মসূচী পালনকালে পুলিশী হামলায় মোহাম্মদ নাসিমসহ বেশকিছু আওয়ামী নেতা-কর্মী আহত হওয়ার প্রতিবাদে জেলা আওয়ামী লীগসহ এনায়েতপুর থানা আওয়ামী লীগ আজ বুধবার অর্ধদিবস হরতাল আহ্বান করে। দুপুর ১ টার দিকে হরতাল চলাকালে থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাশেদুল হাসান সিরাজের নেতৃত্বে একটি মিছিল খামার গ্রাম সিনেমা হলের কাছে পৌঁছালে পুলিশী তাতে বাধা দেয়। এনায়েতপুর থানার দারোগা মজিবর সিরাজকে টেনে নিয়ে যেতে শুরু করলে অন্য নেতা-কর্মীরা বাধা দেয় এবং এক পর্যায়ে পুলিশের সাথে ধাওয়া - পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশও ব্যাপক লাঠিচার্জ করে।

প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে দারোগা মজিবর, থানা যুবলীগের প্রচার সম্পাদক হাফিজ, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী শোভা মোশারফ, শ্রমিক লীগ নেতা আব্দুর রাজ্জাক, আমিনুল, বুদ্ধু, সিরাজ, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহানসহ ২০ জন নেতা-কর্মী আহত হন।

আহতদের মধ্যে হাফিজ, শোবা মোশারফ ও আব্দুর রাজ্জাককে মারাত্মক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে বিএনপি নেতা-কর্মীরা কাছেই দাঁড়িয়েছিল। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে পুলিশের এ হামলার প্রতিবাদে থানা আওয়ামী লীগ আগামীকাল বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে।