২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে আ. লীগ ও বিএনপি সংঘর্ষ, আহত ৩০

সিরাজগঞ্জে মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩০জন আহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2006, 11:00 AM

Updated : 26 Apr 2022, 03:55 PM

এদিকে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওকালে পুলিশের লাঠিচার্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিমসহ দলের নেতাকর্মীরা আহত হওয়ায় সিরাজগঞ্জে বুধবার আধাবেলা হরতাল ডেকেছে জেলা আওয়ামী লীগ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকায় দলের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে সন্ধ্যার দিকে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করে বিক্ষোভ প্রদর্শন করেন। একপর্যায়ে মিছিলকারীরা শহরের ১নং খলিফা পট্টিতে বিএনপি এক নেতার ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালায়। এ ঘটনায় ক্ষুব্ধ ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা আওয়ামী লীগ অফিসে পাল্টা হামলা চালায় ও ভাংচুর করে। এসময় এস এস রোডসহ ইলিয়ট ব্রিজ, মুজিব সড়ক ও নাজমুল চত্বর উভয়পক্ষের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়।

উভয়পক্ষের ধাওয়া, পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় কমপক্ষে ৩০জন আহত হয়। আহতদের শহরের বিভিন্ন ক্লিনিক ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে ছাত্রলীগ সহ সভাপতি রিয়াদ রহমান ও রাজুর অবস্থা আশংকাজনক।