২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও সাড়ে ১২ হাজার লোকের কর্মসংস্থান হচ্ছে

চট্টগ্রামে অষ্টম রপ্তানী প্রক্রিয়াজাতকরণ অঞ্চল চালু হলে আরও সাড়ে ১২ হাজার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2006, 10:29 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এর নির্বাহী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আশরাফ আব্দুল্লাহ ইউসুফ সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেছেন, প্রস্তাবিত কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের উদ্বোধন হলে এই সুযোগ সৃষ্টি হবে।

তিনি জানান, এটা হবে দেশের অষ্টম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল। এতে মোট ২১১টি প্লট থাকবে। তবে প্রথম পর্যায়ে ৭৪ একর জমির ওপর ১০০টি প্লট তৈরি করা হয়েছে। এতে খরচ পড়েছে প্রায় ৩৪ কোটি টাকা। অন্যদিকে ২৪টি প্লট এরই মধ্যে বিতরণ করা হয়েছে।

ইউসুফ জানান, প্রাথমিকভাবে এতে বিনিয়োগ করা হবে প্রায় ১৩৫কোটি টাকা এবং প্রায় সাড়ে ১২হাজার ম্রমিক এতে কাজ করবে। আর এর শতকরা ৭৫ভাগই হবে নারী শ্রমিক। 

প্রধানমন্ত্রী খালেদা জিয়া একদিনের সফরে মঙ্গলবার চট্টগ্রাম গিয়ে নতুন এই অঞ্চল উদ্বোধন করার কথা রয়েছে। তিনি একদিনের সফরে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন।

এ ছাড়া হাটহাজারীতে নতুন সংযোজিত ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জও প্রধানমন্ত্রীর উদ্বোধন করার কথা। তিনি ঐদিন হাটহাজারীতে এক জনসমাবেশেও বক্তব্য রাখবেন।

২০০১ সালে ক্ষমতা গ্রহণের পর মঙ্গলবারের সফর হবে চট্টগ্রামে প্রধানমন্ত্রীর পঞ্চম সফর।