২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলের ঘেরাও ঠেকাতে নিরাপত্তাবলয়

বিরোধী দলের প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি ঠেকাতে মিছিল ও সমাবেশের ওপর সরকার নিষেধাজ্ঞা জারি করেছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে ১২ সেপ্টেম্বর এ কর্মসূচি পালন করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2006, 10:51 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

সূত্র জানিয়েছে, নিñিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য র‌্যাব, বিডিআর এবং আর্মড পুলিশ নিয়ে গঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ হাজার সদস্যকে নিয়ে একটি নিরাপত্তা জাল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার জানিয়েছেন, ডিএমপির ১১১-৭৬ ধারা অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ের চারপাশের রাস্তায় সব ধরনের মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি ১২ সেপ্টেম্বর রাত ১২ টা থেকে ১৩ সেপ্টেম্বর রাত ১২ টা পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে।

ওই এলাকায় অস্ত্র ও বিস্ফোরক বহনের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে ডিএমপি কমিশনার এসএম মিজানুর রহমান জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশপাশে মহাখালী ক্রসিং থেকে শ্যামলী শিশুমেলা হয়ে শহীদ জাহাঙ্গীর গেট থেকে পিএসসি, পর্যটন ক্রসিং, বিজয় সরণি, বিমানবন্দর ক্রসিং এবং আগারগাঁও রোকেয়া সরণি, মীরপুর রোড থেকে ধানমণ্ডি ২৭, মোহাম্মদীয়া সুপার মার্কেট, তল্লাবাগ, শুক্রাবাদ, পান্থপথ স্কয়ার এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এছাড়া বাংলামোটরের কিছু এলাকা এবং ফ্রি স্কুল স্ট্রিট, সার্ক ফোয়ারার কাছে সুন্দরবন হোটেল, মগবাজার, টঙ্গী ডাইভারশন রোড, সাতরাস্তা ও নাবিস্কো এলাকাতেও এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

এসব এলাকার রাস্তাঘাট ও খেলার মাঠও এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে বলে ডিএমপি কমিশনার জানিয়েছেন।