২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগকে ছাড়াই জাতীয় সংসদের অধিবেশন শুরু

অষ্টম জাতীয় সংসদের ২৩তম অধিবেশন রোববার বিকেল সোয়া পাঁচটায় শুরু হয়েছে। মোট ১৪ টি কার্যদিবসের এই অধিবেশন ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2006, 10:11 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

এর আগে কার্যউপদেষ্টা কমিটির (ব্যাক) এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার। আওয়ামী লীগের এই বৈঠক বয়কট করে।

এই অধিবেশনে মোট ১৪টি বিলের মধ্যে বেশ কয়েকটি বিল পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এটাই হবে সম্ভবত চলতি অষ্টম জাতীয় সংসদের শেষ অধিবেশন।

কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুসারে শুধুমাত্র সোমবার ছাড়া সকল কার্য দিবসে প্রতিদিন বিকাল পাঁচটা থেকে সংসদের অধিবেশন শুরু হবে। সোমবার মাগরিবের নামাজের পর অধিবেশন শুরু হবে।

তবে রমজান মাসে প্রতিদিন সকাল সাড়ে ১০টায় অধিবেশন শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত চলবে।

কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাবসহ সংসদে আলোচনার জন্য সুনির্দিষ্ট কোন বিষয় নির্ধারণ করা হয়নি।

কার্যউপদেষ্টা কমিটির বৈঠক শেষে স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বলেন, বিরোধী দল কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে উপস্থিত না থাকার কারণে আমরা আলোচনার জন্য সুনির্দিষ্ট কোন বিষয় ঠিক করিনি। যদিও তিনি বলেছেন, আলোচনার জন্য বিরোধী দল যতক্ষণ পর্যন্ত সময় চায় তিনি তা দেওয়ার সর্বোত্তম চেষ্টা করবেন। এ ছাড়া বিরোধী দলের সদস্যরা সাধারণভাবেই পয়েন্ট অব অর্ডারে যে কোন বিষয় আলোচনার জন্য তুলতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধান বিরোধী দলের নেতা শেখ হাসিনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশন সংস্কার দাবির বিষয়ে স্পিকার বলেন, ‘এটা আমার কর্তৃত্বের বাইরে। আমার এ বিষয়ে জড়িত হওয়া উচিতও নয়’।

বৈঠকে অন্যদের মধ্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, আইন বিচার ও সাংসদ বিষয়ক মন্ত্রী মওদুদ আহমেদ, কৃষিমন্ত্রী এমকে আনোয়ার, প্রধানমন্ত্রীর সংসদবিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী, জাতীয় পার্টির নেতা রওশন এরশাদ এবং শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ পরিচালনার জন্য পাঁচ সদস্যের একটি চেয়ারম্যান প্যানেল গঠন করা হয়।

প্যানেলের সদস্যরা হলেন এবাদুর রহমান চৌধুরী, শামসুল আলম প্রামানিক, শাহ রুহুল কুদ্দুস, কর্ণেল ফারুক খান (অবসরপ্রাপ্ত) ও মশিউর রহমান রাঙ্গা।

এদিকে প্রধান বিরোধী দল আওয়ামী লীগের সংসদীয় কমিটির বৈঠক সোমবার বিকাল ৪ টায় জাতীয় সংসদ ভবনে আনুষ্ঠিত হবে। শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করবেন।