২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না আ. লীগ

ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউটের (এনডিআই) সফররত প্রতিনিধি দলের সাথে আলোচনায় আওয়ামী লীগ বলেছে, সংস্কারের দাবি বাস্তবায়িত না হলে তারা পরবর্তী সংসদ নির্বাচনে অংশ নেবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2006, 09:49 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

আবুল মাল আব্দুল মুহিতের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল রোববার রাজধানীর হোটেল র‌্যাডিসন ওয়াটার গার্ডেনে সফররত এনডিআই প্রতিনিধিদের সাথে ঘন্টাব্যাপী বৈঠক করে।

আওয়ামী লীগের প্রতিনিধি দলের অন্যদের মধ্যে ছিলেন সজীব ওয়াজেদ জয়, ফারুক চৌধুরী, আসাদুজ্জামান নূর, কাজী জাফরুল্লাহ এবং জিয়াউদ্দিন।

বৈঠকে এনডিআইয়ের প্রতিনিধি দলে ছিলেন মার্কিন সিনেটের  সংখ্যালঘু নেতা টম ড্যাসেল, নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী মাইক মুর, কম্বোডিয়ার নারী ও প্রবীণ বিষয়ক সাবেক মন্ত্রী মু সচুয়া, এনডিআই এশিয়ার উপপরিচালক টমাস ব্যারি, বাংলাদেশে এনডিআইয়ের আবাসিক প্রতিনিধি ওয়েন লিপার্ট এবং বাংলাদেশে এনডিআইয়ের সিনিয়র কর্মসূচি ব্যবস্থাপক ডেবোরাহ হিলি।

বৈঠক শেষে আব্দুল মুহিত সাংবাদিকদের বলেন, আমাদের সংস্কার প্রস্তাব সম্পর্কে এনডিআই প্রতিনিধিদের আমরা অবহিত করেছি।

দেশে বর্তমানে জটিল ও মুখোমুখি অবস্থা বিরাজ করছে বলেও তারা এনডিআইয়ের প্রতিনিধি দলকে জানিয়েছেন। তাই তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের পরই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বলে তারা জানান।

জয় বলেন, নির্বাচন কমিশনের তৈরি করা হালনাগাদ ভোটার তালিকায় ১ কোটি ৪০ লাখ ভুয়া ভোটার রয়েছে। এই ভোটার তালিকার ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হলে ফলাফল কী হবে তা সহজেই বোঝা যায়।

আওয়ামী লীগের সংস্কার প্রস্তাব গৃহীত হলেই নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব বলে তিনি জানান।

জয় বলেন, পরিস্থিতি যে খুব খারাপ সেটা তো আমরা সবসময়ই বলে এসেছি।

আসাদুজ্জামান নূর বিডিনিউজ২৪.কমকে জানান, সংলাপের মাধ্যমে সংস্কার প্রস্তাবের বাস্তবায়ন হোক, সেটা আওয়ামী লীগ চেয়েছিল।

এনডিআইয়ের প্রতিনিধিদের সাথে আলোচনায় বিচারপতি কেএম হাসানের বিষয়টি এসেছে কি নাÑ সে ব্যাপারে আসাদুজ্জামান নূর বলেন, তিনি বিতর্কিত একজন ব্যক্তি। তার অধীনে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে পারে না।