২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬’ বিল সংসদে উত্থাপিত

রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুন্ন বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কোন মিথ্যা বা অশ্লীল তথ্য ওয়েবসাইট বা ইলেক্ট্রনিক চিত্রে প্রকাশের অপরাধে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও কমপক্ষে ১০ লাখ টাকা জরিমানার বিধান করে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬’ বিল রোববার জাতীয় সংসদে উত্থাপন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2006, 09:07 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

বিজ্ঞান এবং তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী ড. আব্দুল মঈন খান বিলটি সংসদে উত্থাপন করেন। বিলটি পাঁচ দিনের মধ্যে পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশসহ সংসদে পেশের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলটিতে কম্পিউটারের সোর্স কোড পরিবর্তনের অপরাধে তিন বছরের কারাদন্ড অথবা তিন লাখ টাকা জরিমানা অথবা উভয় দন্ড এবং কম্পিউটার সিস্টেম হ্যাকিং এর অপরাধে ১০ বছরের কারাদণ্ড অথবা এক কোটি টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করার বিধান রাখা হয়েছে।

বিলে এ সংক্রান্ত অপরাধের দ্রুত বিচার ও দন্ড কার্যকর করতে এক বা একাধিক সাইবার ট্রাইবুনাল প্রতিষ্ঠার বিধানও রাখা হয়েছে।

এছাড়াও রোববার সংসদে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (সংশোধন) বিল, ২০০৬-এর পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশসহ সংসদীয় কমিটির রিপোর্ট উত্থাপন করা হয়।