রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল আগামী রোববার সারাদেশে সকাল - সন্ধ্যা হরতাল আহ্বান করেছে।
বুধবারের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলা ও সাবের হোসেন চৌধুরীসহ ১৪ দলের অনেক নেতা - কর্মীকে আহত হওয়ার প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে বুধবার বিকেলে এক প্রেস বিফিংয়ে দলের সভানেত্রী শেখ হাসিনা এ কর্মসূচি ঘোষণা করেন।
এসময় তিনি ১৪ দলের ঘেরাও কর্মসূচি সফল হয়েছে দাবি করে বলেন, ১৪ দলের নেতৃত্বে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হওয়ায় সরকার নির্যাতন ও হত্যার নীতি গ্রহণ করেছে।
শেখ হাসিনা বলেন, ১৪ দল ঘোষিত ১২ সেপ্টেম্বর মঙ্গলবারের প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি অপরিবর্তিত থাকবে। ১৮ সেপ্টেম্বর ঢাকায় মহাসমাবেশের কর্মসূচির পর ১৪ দল সরকার বিরোধী আন্দোলন গতিশীল করতে আরো বেশ কিছু কর্মসূচি নেবে।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতা ও বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতনের প্রতিবাদে ১৪ দল বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে।
তিনি জানান, এ কর্মসূচি সফল করতে ১৪ দলের নেতাকর্মীরা ব্যাপক গণসংযোগ চালাবে।
