উৎসব আর নির্বাচনী আমেজে বিএনপির জন্মদিন, আপডেট
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক শক্তিমত্তা জানান দেওয়ার উদ্দেশ্যেই আজ রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষস্থানীয় নেতা থেকে শুরু করে সকল পর্যায়ের নেতাকর্মীরা রাজপথে নেমে এসেছিলেন।
বিএনপির ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ পদযাত্রার আয়োজন করা হলেও উৎসবমুখর মিছিলটি সকল অর্থেই নির্বাচনী রাজনীতির আবহ লাভ করে। ব্যানার, ফেস্টুন, শ্লোগানের ভাষা সবকিছুতেই নির্বাচনী আমেজ ছিল চোখে পড়ার মতো।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পুরনো ঢাকার নয়বাজার থেকে শুরু হওয়া মিছিলের নেতৃত্ব দেন। ব্যানার ও ফ্যাস্টুন নিয়ে এ সময় সমর্থকরা তার সাথে স্লোগান দিতে দিতে অগ্রসর হয়। নয়াবাজার থেকে গাবতলী পর্যন্ত এ মিছিলের কারণে নগরবাসীকে পোহাতে হয়েছে চরম দুর্ভোগ।
এর আগে প্রধানমন্ত্রী এক বিশাল জনসভায় বলেন, ‘কোনও রাজনৈতিক দল বা ব্যক্তির ইচ্ছায় নয়, সংবিধান অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে’।
নয়া বাজার থেকে মিছিল শুরু হওয়ার সময় বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া, ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকা, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানসহ অন্যান্য সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে নেতৃবৃন্দ ও কর্মী- সমর্থকরা মিছিল নিয়ে এগিয়ে যান।
রাস্তার দুপাশের দেওয়াল রাজধানীর আসনগুলোতে দলের সম্ভাব্য প্রার্থীদের প্রচারণায় ছেয়ে ছিল। ঢাকার বিভিন্ন আসন থেকে নির্বাচিত বিএনপির সাংসদদের সুযোগ হয়েছিল তাদের জনসমর্থন প্রদর্শনের। মেয়র সাদেক হোসেন খোকার সমর্থনে স্লোগান ও বাজনায় মুখরিত ছিল নয়াবাজার এলাকা।
রাস্তার ওপর নির্মিত বিরাট তোরণের ফলে নয়াবাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
স্বতঃস্ফূর্ত সমর্থক ছাড়াও মিছিলের জন্য শিশুসহ শত শত লোককে পদযাত্রার জন্য ভাড়ায় নিয়ে আসা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নয়াবাজারের অস্থায়ী মঞ্চে প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ভাড়ায় নিয়ে আসা যুবক ও শিশুদের মধ্যে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের অর্থ বিতরণ করতে দেখা যায়। শিশুদের ৫০ থেকে ১০০ এবং যুবকদের ১৫০ থেকে ২০০ টাকা করে দেওয়া হয়।
যানবাহনের অভাবে দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন রাস্তায় যাত্রীদের ভিড় বাড়তে থাকে। বিএনপির মিছিলের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা কর্মীরা রাজধানীতে যে নিরাপত্তা জাল বিস্তার করে তাতে নগরীর স্বাভাবিক দীপ্তি ও ছন্দ হারিয়ে যায়।
পরিবহন সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সমর্থনদের নিয়ে আসার জন্য বিএনপি কয়েক শ’ যানবাহন ভাড়া করে। যানবাহনের অভাবে নগরীর বিভিন্ন পেশার মানুষ বিশেষ করে চাকুরিজীবীদের অসহনীয় দুর্ভোগের শিকার হতে হয়।
পুলিশ সূত্র জানিয়েছে, মিছিলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৫ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী মোতায়েন ছিল। দিনের প্রথমার্ধ্বে রাজধানীর বিভিন্ন স্থানে র্যাব তল্লাশি চালায়। পুলিশের ডগ স্কোয়াডও এসময় বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারীরা বিভিন্ন রাস্তায় মোতায়েন ছিল।
যানবাহনের অভাবে রাজধানীর ধানমণ্ডি, মোহাম্মদপুর, আসাদ গেট, ফার্মগেট, শ্যামলী, কল্যাণপুরসহ অন্যান্য এলাকায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, ব্যবসা প্রতিষ্ঠানের পৌঁছার জন্য হাজার হাজার মানুষকে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা যায়।
