বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে গণমিছিল
বিএনপির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রোববার সারাদেশে বর্ণাঢ্য গণমিছিল পালন করার প্রস্তুতি চলছে বেশ ভালোভাবেই।
কেন্দ্রীয়ভাবে ঢাকায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পুরনো ঢাকার নয়াবাজারের নবাব ইউসুফ মার্কেটের বাইরে থেকে বিকাল ৩ টায় এই কর্মসূচির উদ্বোধন করবেন। এতে দলের মন্ত্রীবর্গ, স্থায়ী কমিটিসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেবেন। এরই মধ্যে বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল করে পুরান ঢাকার নয়াবাজারের নবাব ইউসুফ মার্কেটের সামনে দলীয় নেতা কর্মীরা জড়ো হচ্ছেন।
উৎসবমুখর পরিবেশ। ব্যান্ড বাজছে। চারদিকে সাজ সাজ রব। কোন ধরনের অরাজকতা ঠেকাতে র্যাব, বিডিআর টহল দিচ্ছে পুরো এলাকা। বিভিন্ন মোড়ে বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) মোতায়েন করা হয়েছে।
জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ মোড় থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত পোস্টার, ফেস্টুন এবং আইল্যান্ডে বিএনপির পতাকা দিয়ে সজ্জিত করেছে। কর্মীদের হাতে খালেদা জিয়া, তারেক রহমান ও সাদেক হোসেন খোকার ছবি।
গণমিছিলটি নয়াবাজার, গুলিস্তান, মুক্তাঙ্গণ, কাকরাইল, রমনা, মগবাজার, বাংলামোটর, সোনারগাঁও হোটেল, সুন্দরবন হোটেল, পান্থপথ, গ্রীন সুপার মার্কেট, ফার্মগেট, মানিক মিয়া এভিনিউ, আসাদ গেট, রিং রোড, শ্যামলী, কল্যাণপুর হয়ে গাবতলীতে গিয়ে শেষ হবে। এদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) উল্লিখিত রাস্তাগুলো পরিহার করে বিকল্প রাস্তায় চলাচল করতে জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন।
সাবেক রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের তত্ত্বাবধানে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি শুক্রবার থেকে তিনদিনের কর্মসূচি পালন করছে।
গণমিছিল সর্বাত্মক সফল করতে মহানগর বিএনপি সভাপতি ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা সবাইকে অনুরোধ জানিয়েছেন।
