২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘার আ. লীগ নেতা আক্কাস আলীর ওপর থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার

রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাঘা পৌরসভার চেয়ারম্যান আক্কাস আলীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2006, 03:55 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল সাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কারাদের প্রত্যাহারের বিষয়টি রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের জানানো হয়।

শুক্রবার সকাল ১১টার দিকে ফ্যাক্স করে পাঠানো এই চিঠিতে বলা হয়, গত সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচন করায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ আক্কাস আলীকে বহিষ্কার করে। কিন্তু আক্কাস আলী তার কৃতকর্মের জন্য সম্প্রতি ক্ষমা প্রার্থনা করে দলের সভানেত্রী শেখ হাসিনার কাছে আবেদন করলে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, আক্কাস আলী এখন থেকে দলের সব কর্মকান্ডে অংশগ্রহণ ও দলীয় পদে নির্বাচন করতে পারবেন। আক্কাস আলীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি আব্দুল জলিল পৃথক পৃথক চিঠি দিয়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককেও জানিয়েছেন।

আক্কাসের ওপর থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় বাঘা আওয়ামী লীগ নেতা - কর্মীদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নেতা - কর্মীরা আশা করছেন, এর মধ্য দিয়ে বাঘায় আওয়ামী লীগের কর্মকান্ডে গতিশীলতা ফিরে আসবে।