২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শায়খ রহমান, বাংলা ভাইসহ সাত জঙ্গির ফাঁসি হাইকোর্টে নিশ্চিত করা হলো

হাইকোর্ট বৃহস্পতিবার দেওয়া রায়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’তুল মুজাহিদিন বাংলাদেশ - এর শীর্ষ দুই নেতা শায়খ আব্দুর রহমান এবং সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইসহ সাত জঙ্গির মৃত্যুদণ্ড নিশ্চিত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2006, 02:48 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

রায়ে বিচারকগণ বলেন, ইসলামের নামে তারা যা করেছে, তা কোনোভাবেই ইসলাম অনুমোদন করেনা।

আদালত সাত জঙ্গির মৃত্যুদন্ড নিশ্চিত এবং জেএমবি এর বোমা বিশেষজ্ঞ ইফতেখার হাসান আল মামুনের মৃত্যুদন্ডাদেশ রহিত করার আবেদন খারিজ করে দেন। সাত জঙ্গির মধ্যে একমাত্র মামুনই নিু আদালতের মৃত্যুদন্ডাদেশের বিরুদ্ধে আবেদন জানিয়েছেন। 

ঝালকাঠি জেলা আদালতের দুই বিচারক হত্যা মামলায় আসামীদের বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডাদেশ এই রায়ে নিশ্চিত করা হলো।

আইন বিশেষজ্ঞরা জানান, আগামী ৩০ দিনের মধ্যেই তারা আপিল বিভাগে এই রায় এর বিরুদ্ধে আপিল করতে পারবেন।  

এর আগে গত ২৯ মে ঝালকাঠির একটি কোর্ট ইসলামী জঙ্গি সংগঠন জেএমবির সাত নেতাকে ওই মামলায় মৃত্যুদন্ড দেওয়া হয়। অপর পাঁচজন হলো - জেএমবির সামরিক শাখার প্রধান এবং শায়খ আবদুর রহমানের ছোট ভাই আতাউর রহমান সানি, শায়খ রহমানের জামাতা আবদুল আউয়াল, মোহাম্মদ ইফতেখার হাসান আল মামুন, মোহাম্মদ ফারুক হোসেন ওরফে খালেদ সাইফুল্লাহ এবং আসাদুল ইসলাম আরিফ।

গত ২৯ আগস্ট ডেথ রেফারেন্সের রায় এর প্রথম দিন আদালত ৪৪ জন সাক্ষীর মধ্যে ৩৭ সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা সম্পন্ন করেন।

বিচারপতি মোহাম্মদ আলী আসগর খান এবং বিচারপতি ইমদাদুল হক কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রায় প্রদান করেন।

অ্যানেক্স ভবনের ৯ নম্বর কক্ষে অনুষ্ঠিত ডেথ রেফারেন্সের রায় প্রদানকালে দেশি সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন বিদেশী সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এদিকে সুপ্রিম কোর্টের সব কয়টি প্রবেশপথে এবং আদালতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সকাল থেকেই র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা পুলিশরা নিরাপত্তা বেষ্টনি গড়ে তোলে। আদালতে প্রবেশ মুখে সবাইকে পড়তে হয় র‌্যাবের কড়া জেরার মুখে। তল্লাশি করে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় সবাইকে।

সিনিয়র সহকারী বিচারক সোহেল আহমেদ এবং জগন্নাথ পাঁড়েকে বহনকারী গাড়ি আদালতে যাওয়ার পথে অভিযুক্ত আসামিরা বোমা মেরে উড়িয়ে দিলে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।