সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ দমনে ঢাকা ও নয়াদিল্লীর মধ্যে ঐক্যমত
সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ দমনে দ্বিপাক্ষিক প্রক্রিয়ার সম্ভাব্যতা খতিয়ে দেখতে বাংলাদেশ ও ভারত একমত হয়েছে।
ভারতের একটি প্রস্তাবের প্রেক্ষিতে দুই দেশের মহাপরিচালক পর্যায়ের কর্মকর্তারা এই সম্ভাব্যতা পরীক্ষা - নিরীক্ষা করে দেখবেন। ৭ম স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করা হয়।
দুই প্রতিবেশীর মধ্যে ক্রমবর্ধমান সন্দেহ ও অবিশ্বাসের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় শনিবার সমাপ্ত হওয়া দুদিনব্যাপী বাংলাদেশ - ভারত ৭ম স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে বিস্তারিত আলোচনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
স্বরাষ্ট্র সচিব পর্যায়ের এ বৈঠকে বাংলাদেশ পক্ষে স্বরাষ্ট্র সচিব সফররাজ হোসেন এবং ভারতের পক্ষে ১৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারতের স্বরাষ্ট্র সচিব ভিকে দু¹াল। তারা নিজ নিজ পক্ষে বৈঠকের সমঝোতা স্মারকে সাক্ষর করেন।
এদিকে বৈঠকের ফলাফল সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য রোববার বেলা ১১টার সময় সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হলেও কিছু বিতর্কিত বিষয় নিয়ে উভয়পক্ষের দ্বিধা - দ্বন্দের কারণে তা বিকাল ৩ টা ২০ মিনিট পর্যন্ত বিলম্বিত হয় বলে বৈঠকের একটি সূত্র জানায়।
পরে ভারতের স্বরাষ্ট্র সচিব ভিকে দু¹াল দুই পাতার একটি যৌথ সংবাদ বিবৃতি পড়ে শোনান এবং সাংবাদিকদের একটি মাত্র প্রশ্নের উত্তর দেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্র“প (জেবিডব্লিউুজি) এর কর্মকর্তারা যথাসম্ভব দ্রুত সময়ে ছিটমহলগুলো পরিদর্শনে যাবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। পরে একজন উর্দ্ধতন কর্মকর্তা বিডিনিউজকে বলেন, এই পরিদর্শন সেপ্টেম্বরে হতে পারে।
বৈঠকে উভয় পক্ষ সীমান্তে কঠোর নজরদারী এবং সহায়তা বজায় রেখে যে কোন ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পণ্যের চোরাচালান রোধের সিদ্ধান্ত গ্রহণ করে।
বৈঠকে ভারতীয় পক্ষ তাদের তিনটি পুরনো প্রস্তাব - বন্দি বিমিময় চুক্তি, অপরাধীদের আইনি সহায়তা বিষয়ক চুক্তি এবং আন্তর্জাতিক সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ এবং অবৈধ মাদক চোরাচালান রোধ চুক্তি বিষয়ে বাংলাদেশের মন্তব্য জানতে চায়। খুব শিগগিরই এ ব্যাপারে বাংলাদেশের অবস্থান জানানো হবে বলে ঢাকার পক্ষ থেকে জানানো হয়।
বৈঠকে ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় বিছিন্নতাবাদী গ্র“প এবং অন্যান্য ভারত বিরোধী শক্তিকে মদদ দেওয়ার অভিযোগ আনেন। কিন্তু বাংলাদেশ দৃঢ়তার সাথে তাদের এ অভিযোগ প্রত্যাখ্যান করে।
বৈঠক সূত্র আরও জানায়, বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে অন্য দেশে কোন কর্মকাণ্ড চালানোর বিষয় ঢাকা কখনো সমর্থন করে না বলে তারা জোরালো অভিমত ব্যক্ত করেন।
উভয় প্রতিবেশী দেশের মধ্যে সর্বশেষ স্বরাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা গত বছরের ২৭-২৮ অক্টোবর নয়াদিল্লীতে অনুষ্ঠিত হয়।
