২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাস্তির বিধান প্রবর্তনসহ পরিবর্তন আসছে নির্বাচন পর্যবেক্ষক নীতিমালায়

নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার বিধান রাখাসহ বেশ কিছু পরিবর্তন আনার মাধ্যমে নির্বাচন কমিশন পর্যবেক্ষক নীতিমালা সংশোধন করেছে। এ নিয়ে রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের সভাকক্ষে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2006, 09:53 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আব্দুর রশিদ সরকার পরে সাংবাদিকদের জানান, এবার নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রণীত নীতিমালাসমূহ কঠোরভাবে অনুসরণ করা হবে। যে কেউ চাইলেই নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি পাবে না। স্থানীয় সংস্থাসমূহের মধ্যে কমপক্ষে গত তিন বছর ধরে সক্রিয় সংগঠনকেই শুধু এজন্য বিবেচনা করা হবে। এছাড়াও পর্যবেক্ষণ কাজে অভিজ্ঞতা আছে এমন সংস্থাকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও সচিব জানান।

তিনি জানান,  পর্যবেক্ষণে আগ্রহী সংস্থাকে নির্বাচনের কমপক্ষে চার সপ্তাহ আগে কমিশন সচিবালয় সরবরাহকৃত নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আগে এজন্য সময় নির্ধারিত ছিলো তিন সপ্তাহ।

এ ছাড়াও কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার আগে নির্বাচন বা ফলাফল সম্পর্কে কোনো পর্যবেক্ষক ব্যক্তি বা সংস্থা মন্তব্য করতে পারবে না বলেও বিধান রাখা হয়েছে। এ জাতীয় ‘গ্রস মিসটেক’ (মারাত্মক ভুল) করা নির্বাচন পর্যবেক্ষক ব্যক্তি বা সংস্থাকে পরবর্তী দুই নির্বাচনে নিষিদ্ধ করা হবে।

পর্যবেক্ষকদের সম্পূর্ণরূপে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। কোনো বিশেষ রাজনৈতিক দল বা প্রার্থীর সপক্ষে তাদের অবস্থান প্রমাণিত হলে সেটিও ‘গ্রস মিসটেক’ বলে গণ্য হবে। এছাড়া সচিব আরও বলেন, অভিযুক্ত পর্যবেক্ষকের বিরুদ্ধে সরকারি গোয়েন্দা সংস্থার মাধ্যমে তদন্ত করার বিধানও চালু হতে যাচ্ছে।

অতীতের কিছু বিরূপ অভিজ্ঞতার প্রেক্ষিতেই নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালায় এসব পরিবর্তন আনা হচ্ছে বলে সচিব জানান। তিনি বলেন, ‘আমরা এমনও দেখেছি যে অনুমতিপ্রাপ্ত সংস্থা পর্যবেক্ষণ কাজে স্কুল ছাত্রদের নিয়োজিত করেছে। এ কারণে এবার পর্যবেক্ষক নিয়োগে নির্বাচনে প্রার্থিতার যোগ্যতাসম্পন্ন ব্যক্তি বাছাই বাধ্যতামূলক করা হচ্ছে’।

এ হিসেবে পর্যবেক্ষক হবার সর্বনিু বয়সসীমা ২৫ বছর। সচিব জানান, বয়স প্রমাণের জন্য পর্যবেক্ষণে আগ্রহী ব্যক্তিকে এসএসসি সার্টিফিকেটের সত্যায়িত অনুলিপি দাখিল করতে হবে।

বিদেশি পর্যবেক্ষকদের দোভাষী হিসেবে যারা কাজ করবে, তাদেরকেও স্থানীয় পর্যবেক্ষকদের জন্য প্রযোজ্য সকল শর্ত পূরণ সাপেক্ষেই কেবল অনুমতি দেওয়া হবে।

এ সংক্রান্ত নীতিমালা চূড়ান্তকরণের আগে কমিশন আবারো বৈঠকে বসতে পারে। তবে এ নিয়ে সংশ্লিষ্ট সংগঠনসমূহের কারো কাছ থেকেই মতামত নেওয়া হবে না বলে সচিব জানিয়েছেন।

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক আগমনের বিরোধিতা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সাম্প্রতিক বক্তব্যের প্রতি সমর্থন জানান কমিশন সচিব। তবে বিদেশি পর্যবেক্ষক নিষিদ্ধকরণ প্রশ্নে সকল দলের ঐক্যমত প্রয়োজন বলে মনে করেন তিনি।

সদ্য সমাপ্ত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের প্রেক্ষিতে তৈরী সমন্বিত তালিকা সোমবার থেকে সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তা, সহকারি নিবন্ধন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ ও ওয়ার্ড কমিশনার কার্যালয়ে ৩০ আগস্ট পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এ সময়ের মধ্যে যে কেউ এ তালিকা পরীক্ষা করে সংশ্লিষ্ট তথ্য সংশোধন করতে পারবেন। যারা হালনাগাদ কার্যক্রমের সময় কোনো কারণে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি, তারা নিজ নিজ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনের আগের দিন পর্যন্ত ভোটার হতে পারবেন বলে কমিশন সচিবালয় জানায়।