২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলবাড়ীতে হত্যাকান্ডের প্রতিবাদে বিভিন্ন সংগঠনের নিন্দা

দিনাজপুরের ফুলবাড়িতে এশিয়া এনার্জির কয়লা উত্তোলনের প্রতিবাদে আন্দোলনরত জনতার উপর পুলিশের গুলিতে ৫ জন নিহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2006, 09:29 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম রোববার পল্টন মোড়ে অনুষ্ঠিত এক সমাবেশে বলেছেন, ফুলবাড়ীতে সরকার নিরীহ মানুষের ওপর গুলি চালিয়ে প্রমাণ করেছে তারা দেশের স্বার্থ নয়, বিদেশীদের স্বার্থ রক্ষায় ব্যস্ত।

তিনি আরও বলেন, ফুলবাড়ী হত্যাকান্ডের বিচার বিভাগীয় তদন্ত এবং জড়িতদের কঠিন শাস্তি, হতাহতদের ক্ষতিপূরণ দিতে হবে এবং এদেশ থেকে এশিয়া এনার্জিকে বহিষ্কার করতে হবে।  

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের আহ্বায়ক খালেকুজ্জামান এক বিবৃতিতে বলেন, বিএনপি- জামায়াত জোট সরকার ফুলবাড়ীতে জনতার শান্তিপূর্ণ সমাবেশে গুলি চালানোর ঘটনায় প্রমাণ হয়েছে তারা সাম্রাজ্যবাদী লুন্ঠনকারীদের সম্পদের পাহারাদার। কিন্তু জনগণ দেশের সম্পদ কোনোভাবেই তাদের হাতে তুলে দিতে দেবে না।

৫ বাম দলের উদ্যোগে ফুলবাড়ির হত্যাকান্ডের প্রতিবাদে রাজধানীর মুক্তাঙ্গনে এক প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দেশবিরোধী, গণবিরোধী শাসক শ্রেণীর বিরুদ্ধে জনগণের এই সংগ্রামকে সারা দেশে ছড়িয়ে দিতে হবে। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান।

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ফুলবাড়ি হত্যাকান্ডের নিন্দা জানিয়ে বলেন, সরকার আইন - শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। তিনি অবিলম্বে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ও মহাসচিব শেখ শহিদুল ইসলাম এক বিবৃতিতে ফুলবাড়ীতে পুলিশ এবং বিডিআরের গুলিতে নিরীহ মানুষ হতাহতের ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন, এই ঘটনায় আবার প্রমাণিত হলো সরকার কাছে জনগণের জীবনের মূল্য কত কম।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এই হত্যাকান্ডের বিচার, হতাহতদের ক্ষতিপূরণ, এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিস্কার, জ্বালানী উপদেষ্টা মাহমুদুর রহমান এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদত্যগের দাবিতে আগামীকাল সোমবার সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট আহ্বান করেছে। 

গণমুক্তি আন্দোলন ফুলবাড়ী হত্যাকান্ডের বিচার, এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিষ্কার এবং দেশবিরোধী কয়লা চুক্তি বাতিলের দাবিতে রাজধানীর মুক্তাঙ্গনে এক সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সভাপতি খন্দকার আলী আব্বাস, সাইফুল হক, বজলুর রশিদ, হামিদুল হক প্রমুখ।

বক্তারা বলেন, শাসকগোষ্ঠি দেশবিরোধী পিএসসি চুক্তির মাধ্যমে গ্যাস কয়লাসহ দেশের সমস্ত প্রাকৃতিক সম্পদ তুলে দিয়েছে সাম্রাজ্যবাদী কোম্পানির হাতে। এর বিরুদ্ধে দেশপ্রেমিক সকল শক্তিকে ঐক্যবদ্ধ্য হতে হবে।

বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি শামসুজ্জামান এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহেল আহমদ এক বিবৃতিতে ফুলবাড়িতে পুরিশের গুলিতে ৫ জন নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

বিপ্লবী ঐক্য ফ্রন্ট ও গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামও ফুলবাড়ির ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে এর সুষ্ঠু বিচার এবং জড়িতদের শাস্তি দাবি করেছে।