২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলি ও আশরাফের ভাগ্য খালেদা জিয়ার হাতে ছেড়েছে বিএনপি জাতীয় নির্বাহী কমিটি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য কর্ণেল (অব.) অলি আহমদ ও যুগ্ম মহাসচিব আশরাফ হোসেনের ভাগ্য দলের চেয়ারপার্সন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও স্থায়ী কমিটির হাতে ছেড়ে দিয়েছে নির্বাহী কমিটির সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2006, 11:23 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

শনিবার দলের জাতীয় নির্বাহী কমিটির সভায় ওই দুই নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিস্কারের দাবি জানানো হলেও কোনো সিদ্ধান্ত না নিয়েই সভা শেষ হয়।

প্রধানমন্ত্রী ভবনে প্রায় সাড়ে নয় ঘন্টার ওই সভায় সভাপতি প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ মোট ৪৮ জন নেতা বক্তব্য রাখেন।

সভা শেষে এক ব্রিফিংয়ে দলের মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া সাংবাদিকদের জানান, অনেকেই শৃঙ্খলাবিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। কিন্তু এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ ব্যাপারে স্থায়ী কমিটি ও চেয়ারপার্সনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সভায় তিনটি বিষয়ের ওপর মোট ১১টি সিদ্ধান্ত নেওয়া হয়।

এর মধ্যে সাংগঠনিক বিষয়ে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন, দলকে শক্তিশালী করা ও যোগাযোগ বৃদ্ধি, দলীয় শৃঙ্খলা কঠোরভাবে মানা, দেশী ও বিদেশী অপপ্রচার রোধে কার্যকর ব্যবস্থা ও প্রচারণার উদ্যোগ, আগামী নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করা, বৃহত্তর বিজয়ের জন্য একটি বৃহত্তম রাজনৈতিক মোর্চা গঠনে চেয়ারপার্সনকে দায়িত্ব অর্পণ ও দেশকে এগিয়ে নেওয়ায় সরকারকে অভিনন্দন জানানো হয়।

এছাড়া রাজনৈতিক বিষয়ে বিরোধী দলের অগণতান্ত্রিক ও ধ্বংসাত্মক কর্মকান্ডের নিন্দা জানিয়ে তাদের গঠনমূলক কর্মসূচি দেওয়ার আহ্বান, সুষ্ঠু নির্বাচনের জন্য পূর্বশর্ত ছাড়াই আলোচনার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান ও বিরোধী দলীয় নেত্রীর অগণতান্ত্রিক বক্তব্যের নিন্দা এবং প্রশাসনিক বিষয়ে জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণে সরকারের প্রতি আহ্বান ও আইন শৃঙ্খলা পরিস্থিতির বিরাজমান শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে সজাগ থাকার আহ্বান জানানো হয়।

জোট গঠন সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে মান্নান ভূঁইয়া বলেন, শুধু এরশাদ নয় আরো কেউ আসতে চাইলেও তাদের জোটে স্বাগত: জানানো হবে। এরশাদের দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, আমাদের বিচার বিভাগ অত্যন্ত স্বাধীন। এরশাদ দোষী কিনা সেটা বিচার বিভাগ বুঝবে। এ নিয়ে সরকারের বা বিএনপির কোনো প্রশ্ন নেই।

দল ও সরকারের ভেতরে দুর্নীতিবাজদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কিনা এ ব্যাপারে জানতে চাইলে মান্নান ভূঁইয়া বলেন, কারো বিরুদ্ধে দুর্নীতি প্রমাণিত হলে সরকারই ব্যবস্থা নেবে। এজন্য বিএনপিকে কিছু করতে হবে না।

সংস্কার ছাড়া নির্বাচনে যোগ না দেওয়ার ব্যাপারে বিরোধী দলের বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, ‘কারো অংশ নেওয়া বা না নেওয়ায় নির্বাচন বসে থাকবে না। তবে আমরা চাই তারা নির্বাচনে অংশগ্রহন ও তাদের জনপ্রিয়তা যাচাই করে দেখুক’।