২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত দুই জনের স্বজনদের হাহাকার এখনও থামেনি

২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এ্যাভিনিউতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলায় নিহত চাঁদপুরের কুদ্দুস ও আতিকের স্বজনদের কান্না এখনও থামেনি।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2006, 11:46 AM

Updated : 26 Apr 2022, 03:52 PM

উভয় পরিবার অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন। নিহত কুদ্দুসের মা আমেনা বেগম তার জীবদ্দশায় ছেলের হত্যাকারীদের ফাঁসি দেখে যেতে চান।

নিহত আতিকের স্ত্রী লাইলী বেগম তার চার সন্তানের লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর আর্থিক সহায়তা কামনা করেছেন।

কুদ্দুসের বাড়ি চাঁদপুর জেলার হাইমচর উপজেলার আলগী বাজারের পূর্ব চরকৃষ্ণপুর গ্রামে। তার পিতার নাম মৃত সোলেমান পাটওয়ারী। কুদ্দুস (৩৫) স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন। তিনি রাজধানীতে ঠিকাদারি ব্যবসার সাথে জড়িত ছিলেন। তিনি ঢাকার একটি মেসে বসবাস করতেন। একজন ভাল ক্রীড়াবিদ হিসেবে নিজ এলাকায় কুদ্দুসের পরিচিতি ছিল। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সহ--সভাপতি ছিলেন।

গ্রেনেড হামলায় নিহত চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ৭ নং মোহনপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উত্তর পাঁচআনি গ্রামের মোহাম্মদ আতিয়ার রহমান আতিকের স্ত্রী চারটি নাবালক সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ও অভিভাবককে হারিয়ে সন্তানরাও এখন বিমূঢ়।

আতিকের স্ত্রী লাইলী বেগম বিডিনিউজকে জানান, শেখ হাসিনার দেয়া এক লাখ টাকা ব্যাংকে রেখে তার সুদ বাবদ প্রতি মাসে তিনি ১২শ’ টাকা পান। এই টাকা দিয়ে কোনমতে তিনি সংসার চালান।

আতিউর রহমানের পিতার নাম মৃত আব্দুল সালাম সরকার। আতিক (৪০) পেশায় ছিলেন একজন ঢালাই শ্রমিক। ঢাকার যাত্রাবাড়ীর এক কারখানায় দৈনিক একশত টাকা মজুরির ভিত্তিতে তিনি কাজ করতেন।