২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির আভ্যন্তরীণ কোন্দল, সংঘর্ষের আশঙ্কা

উপজেলা বিএনপির কমিটি গঠন ও আগামী সংসদ নির্বাচনে বিএনপি তথা চারদলীয় জোট থেকে মনোনয়ন নিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপিতে চরম গৃহবিবাদ দেখা দিয়েছে। যে কোনো সময় এই বিবাদ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2006, 10:50 AM

Updated : 26 Apr 2022, 03:52 PM

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির একাধিক সূত্র দাবি করছে,  চাঁদপুর - ৬ ( ফরিদগঞ্জ) আসন থেকে পরপর চারবার (১৫ ফেব্র“য়ারির নির্বাচনসহ) নির্বাচিত সাংসদ চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হায়দার খানের বিগত নির্বাচনগুলোতে দলীয় মনোনয়ন পেতে কোনো বেগ পেতে হয়নি। ২০০১ সালের নির্বাচনের পরপরই তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে এবার এ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করার লক্ষ্যে এক ডজনেরও বেশি শক্তিশালী প্রার্থী মাঠে সক্রিয় রয়েছেন। মনোনয়ন পেতে তারা এখন জোর তদবিরে ব্যস্ত। দীর্ঘদিন যাবৎ উপজেলা বিএনপি কমিটিকে আলমগীর হায়দার নিজের পকেট কমিটি করে রেখেছেন, তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মী এমন অভিযোগও করেছেন। এ নিয়ে তৃণমূল পর্যায়ের সংশ্লিষ্ট নেতাকর্মীরাও ক্ষুব্ধ।

অন্যদিকে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন অ্যাডভোকেট দুলাল মিয়া পাটওয়ারী। তিনি সাংসদ আলমগীর হায়দার খানের আস্থাভাজন হিসেবেই অধিক পরিচিত। সম্প্রতি অ্যাডভোকেট দুলাল মিয়া পাটওয়ারী নিজেকে আগামী সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দিলেই শুরু হয় নতুন মেরুকরণ। তখন তাৎক্ষণিকভাবে এমপি আলমগীর হায়দার খান চার মাস আগে গঠিন করা কমিটি ভেঙে নিজেকে আহ্বায়ক করে উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা  করেন। এরই পরিপ্রেক্ষিতে গত কয়েকদিন শুরু হয়েছে স্থানীয় এমপির পক্ষে - বিপক্ষে মিছিল, সমাবেশ ও শক্তি প্রদর্শণ।

উপজেলা বিএনপির এসব গৃহবিবাদ যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিতে পারে এমনই আশঙ্কা করছেন উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় একাধিক নেতা।

বাতিল করে দেওয়া কমিটির সভাপতি অ্যাডভোকেট দুলাল মিয়া পাটওয়ারী বিডিনিউজকে বলেন,  সভাপতি হিসেবে তিনি বহাল আছেন এবং আগামী দুই বছর থাকবেন। তাছাড়া এখন কমিটি নিয়ে ভাবার সময় তার নেই। এমপি পদপ্রার্থী হিসেবে দুলাল মিয়া পাটওয়ারী এখন গণসংযোগ নিয়ে ব্যস্ত।

বিডিনিউজকে তিনি আরো বলেন, ‘এমপি নির্বাচন করবো বলেই সংসদ সদস্য আলমগীর হায়দার খান হিংসাত্মক ও বিদ্বেষমূলকভাবে এই কাজ করেছেন। এমপির এই অগঠনতান্ত্রিক ও বেআইনী কাজ নিয়ে আমি চিন্তা করি না। তাছাড়া কমিটি থেকে বাদ দিলে রাজনীতি শেষ হয়ে যায় না। আমার নেতৃত্বে আগামিতে ফরিদগঞ্জে বিএনপির কার্যক্রম চলবে’।

এ ব্যাপারে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও স্থানীয় সাংসদ আলমগীর হায়দার খান বিডিনিউজকে বলেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপিতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কমিটি ভেঙ্গে দেওয়া হয়েছে। দলীয় নেতা-কর্মীদের দাবির মুখে কমিটি ভেঙ্গে আমি আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়েছি বলেও তিনি মন্তব্য করেন।

বাতিল কমিটির সভাপতি অ্যাডভোকেট দুলাল মিয়া পাটওয়ারী সম্পর্কে আলমগীর হায়দার বলেন, উপজেলা বিএনপি থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের নেতা-কমীরা দুলালের উপর ক্ষুব্ধ। তিনি দলের দায়িত্বশীল নেতা হয়েও কর্মীদের কাছ থেকে মামলা-মোকদ্দমার বিষয়ে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছেন। গ্রামাঞ্চলে পল্লী বিদ্যুৎ সম্প্রসারণের নামে অন্তত দুই কোটি টাকা আত্মসাৎ করেছেন।