বেড়ায় আ. লীগের কার্যালয় থেকে বোমা তৈরির সরঞ্জামসহ এক যুবক আটক
মঙ্গলবার রাতে পাবনার বেড়া পুলিশ স্থানীয় আওয়ামী লীগের উপজেলা দলীয় কার্যালয় থেকে জঙ্গি সন্দেহে ইলিয়াস আলী শামিম নামে এক যুবককে বোমা তৈরির সরঞ্জামসহ আটক করেছে।
পুলিশ তার কাছ থেকে ছয়টি ব্যাটারি, প্লাস, সুচ, ব্লেড, তার, কৌটা ভর্তি সন্দেহজনক পাউডারসহ বোমা তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করেছে। এ ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ জানায়, বঙ্গবন্ধুর শাহাদত বাষির্কী উপলক্ষে রাত ৮টার দিকে বেড়া উপজেলা আওয়ামী লীগ অফিসে মিলাদ মাহফিল চলছিল। এ সময় পাঞ্জাবী -টুপি পরা দাড়িওয়ালা ওই যুবক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করলে পুলিশ তাকে চ্যালেঞ্জ করে। তার অসংলগ্ন কথায় পুলিশের সন্দেহ হলে আটক করে।
তার কোমর থেকে ব্যাটারি, প্লাস, সুচ, পাউডারসহ বোমা তৈরির উপকরণ ও তার উদ্ধার করা হয়।
আটককৃত শামিম সাথিঁয়া উপজেলার মাধপুর গোসাইবাড়ী গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বেড়া থানার ওসি আবদুল হামিদ জানান, জিজ্ঞাসাবাদের আগে এ ব্যাপারে কিছুই বলা যাচ্ছে না।
