২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যেকোনও একটি মামলায় সুপ্রিম কোর্ট রায় দিলেই জেএমবি নেতাদের ফাঁসি

ডেথ রেফারেন্সের শুনানি কিংবা বিচার আদালতের কোনও একটি রায়ের ব্যাপারে সুপ্রিম কোর্ট একমত হলেই শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাইসহ নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2006, 07:18 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, জেএমবির শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য তাদের বিরুদ্ধে ১৭ আগস্ট সারা দেশে বোমা হামলা বা জঙ্গি তৎপরতা সংক্রান্ত অন্যান্য মামলাসহ সকল মামলার রায়ের প্রয়োজন নেই।

বাবর জানান, জঙ্গিদের বিস্ফোরক ও অর্থের উৎস ইতোমধ্যে তারা সনাক্ত করেছেন।

সূত্র জানিয়েছে, বিভিন্ন সময়ে সারা দেশে জেএমবির বোমা হামলায় বিচারক, ম্যাজিস্ট্রেট, সংস্কৃতি কর্মী, নারী ও শিশুসহ অন্ততপক্ষে ৩৮ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে কয়েক শ লোক।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জেএমবির জঙ্গি তৎপরতার বিরুদ্ধে সারা দেশে মোট ২৪১টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় মোট ৬৯৮ জনকে আসামি করা হয়েছে।

এসব মামলার মধ্যে এ পর্যন্ত ১৭টি মামলার রায় এবং একটির চূড়ান্ত রায় ঘোষণা করা হয়েছে। বিচারাধীন রয়েছে আরও ৮১ টি মামলা।

এ ছাড়া ৫৭টি মামলার তদন্ত চলছে এবং আরও ১৮৩টি মামলার চার্জশিট দাখিল করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জেএমবি নেতাদের বিরুদ্ধে দেওয়া আদালতের রায় কার্যকর করার ব্যাপারে সরকার আন্তরিক।

জেএমবির বিস্ফোরক ও অর্থের উৎস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, দেশের ও দেশের বাইরের বিভিন্ন উৎস থেকে তারা বিস্ফোরক ও অর্থ পেয়েছে। দোষীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

জেএমবিকে যারা অর্থ ও বিস্ফোরক সরবরাহ করেছে তাদের নাম জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তাদের নাম প্রকাশ করার সময় এখনও আসেনি।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্বীকার করেন যে সরকার চাইলেও জেএমবি নির্মূল করতে পারবে না এবং এ ধরনের তৎপরতা একেবারে বন্ধ করতে পারবে না। তিনি এটিকে একটি বড় সমস্যা হিসেবে উল্লেখ করে বলেন, এজন্য সময় লাগবে এবং এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, সরকার এ ব্যাপারে অত্যন্ত আন্তরিক এবং জঙ্গি তৎপরতা ও সন্ত্রাসী হামলা সংক্রান্ত মামলা তদারকির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে একটি বিশেষ কমিটি গঠন করেছে।

এ ছাড়া জঙ্গিদের শাস্তি প্রদানে এবং চার্জ গঠনে সরকারি কর্মকর্তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছে কি নাÑ তা তদারক করার জন্য জেলা পর্যায়েও একটি করে কমিটি গঠন করা হয়েছে বলে প্রতিমন্ত্রী জানান।

লুৎফুজ্জামান বাবর বলেন, দেশের মাটিতে তথাকথিত জেহাদের কোনও ভিত্তি নেই। যে কারণে সরকার জঙ্গি তৎপরতা ও মৌলবাদের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।