যশোরে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে ২০ জন আহত
যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজারে মঙ্গলবার সকালে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগের নেতা-কর্মীরা আধা বেলা হরতালের সমর্থনে এবং বঙ্গবন্ধুর খুনিদের বিচারের দাবিতে সকালে মিছিল বের করলে ছাত্রদল ও বিএনপি সমর্থকদের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত হয়। সরকার সমর্থকদের প্রাথমিক উস্কানিতে একে অপরকে ইটপাটকেল নিক্ষেপ করে।
এসময় উভয় পক্ষের অন্ততঃ ২০ জন নেতা-কর্মী আহত হন। আহতদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিএনপি কর্মীরা আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়েও হামলা চালায় ও ভাংচুর করে। সংঘর্ষ চলাকালে নাভারণ বাজারের ছয়টি মোটর সাইকেল ভস্মিভূত হয়।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান বিডিনিউজকে জানান, সংঘর্ষের কথা তিনি শুনেছেন। তবে এর জন্য কারা দায়ী এ বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
