বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারের রায় কার্যকর করার দাবিতে আওয়ামী লীগ সারাদেশে অর্ধদিবস হরতাল পালন করছে
প্রধান বিরোধী দল আওয়ামী লীগের ডাকে সারাদেশে মঙ্গলবার অর্ধদিবস হরতাল পালিত হচ্ছে।
আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হত্যা মামলার বিচারের রায় অবিলম্বে কার্যকর ও ১৫ আগস্ট সরকারি ছুটি পুনর্বহালের দাবিতে মঙ্গলবার সকাল ৬ টা থেকে বেলা ১২টা পর্যন্ত দেশব্যাপী সর্বাÍক হরতাল পালন করছে।
এ দিনটি আওয়ামী লীগ জাতীয় শোক দিবস হিসেবে পালন করছে। এদিকে একই দিনে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন পালন করছে।
আওয়ামী লীগ বিরোধী দলে থাকাবস্থায় প্রত্যেক বছর ১৫ আগস্টে হরতাল পালন করতো। ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে।
২০০১ সালের অক্টোবরে জোট সরকার ক্ষমতায় আসার পর ১৫ আগস্টের ছুটি বাতিল করে। সরকারিভাবেও দিনটিকে আর পালন করা হয় না।
হরতাল চলাকালে রাজধানীর বিভিন্ন রাস্তায় স্বল্প সংখ্যক যানবাহন চলাচল করতে দেখা গেছে। রাজধানীর দোকানপাট এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে।
গাবতলী, সায়েদাবাদ এবং মহাখালী বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি।
আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও মুক্তি সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করছে।
