২১ আগস্ট গ্রেনেড হামলার পর দেশকে গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা করেছি: শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সোমবার বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার পর দেশে গৃহযুদ্ধ লেগে যেতে পারতো। কিন্তু তা থেকে তিনি দেশকে বাঁচিয়েছেন।
তিনি অভিযোগ করে বলেন, মানুষ খুন করা ও খুনীদের রক্ষা করাই বিএনপি-জামাত জোটের চরিত্র।
শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যাকান্ডের উপর নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, প্রায় এক হাজার মানুষ গ্রেনেডের আঘাতে পঙ্গু হয়ে গেলো, আইভি রহমানসহ অনেক আওয়ামী লীগ নেতা-কর্মী মারা গেলো। সেদিন দেশে গৃহযুদ্ধ বেঁধে যেতে পারতো। কিন্তু আমি আর কোন রক্তপাত চাইনি।
তিনি অভিযোগ করে বলেন, সরকারের সমর্থন ছাড়া ২১ আগস্ট গ্রেনেড হামলা হতে পারে না। ‘দিনে দুপুরে গ্রেনেড আক্রমণ হলো, কিন্তু একজনও গ্রেপ্তার হলো না। সরকারের সমর্থন ছাড়া এটা কি হতে পারে ? আর গ্রেনেড তো দক্ষ লোক ছাড়া ছোঁড়া যায় না’।
বঙ্গবন্ধুর খুনীদের ইনডেমনিটি প্রদান প্রসঙ্গে বিরোধী দলীয় নেত্রী বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনীদের ইনডেমনিটি দিয়েছিল। আর বিএনপি - জামাত জোট কখনো র্যাব দিয়ে আবার কখনো অপারেশন ক্লিনহার্টের নামে বিনা বিচারে মানুষ হত্যা করছে।
১৯৭৫ সালে বাকশাল গঠনকে সমর্থন করে শেখ হাসিনা বলেন, আমি নিজে বঙ্গবন্ধুকে প্রশ্ন করেছিলাম যে, আপনি তো ওয়েস্টমিনস্টার পদ্ধতির সরকারে বিশ্বাসী। জবাবে উনি বলেছিলেন, একটি বিপ্লবের পর দেশে পরিবর্তন দেখা দেয়। কিছু মানুষ অর্থশালী হয়। আবার পাকিস্তানি হানাদাররা আত্মসমর্পণের আগে সারা দেশে অনেক অস্ত্র ছড়িয়ে ছিটেয়ে রেখেছিল, অনেকের হাতে অস্ত্র ছিল। এ অবস্থায় প্রকৃত দেশপ্রেমিকদের নির্বাচিত করতে সকল দলকে নিয়ে দেশের তৃণমূল পর্যায়ে গণতন্ত্র পৌঁছে দিতে এবং অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যেই এই পরিবর্তন (বাকশাল)। কালো টাকা ও লাঠি যাতে নির্বাচনকে প্রভাবিত করতে না পারে সেজন্য এই পরিবর্তন প্রয়োজন ছিল। সুশীল সমাজের কিছু মানুষ অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের একটি ফর্মূলা দিয়েছেন। বঙ্গবন্ধু ৩০ বছর আগে একই ফর্মূলা দিয়েছিলেন। ৩০ বছর পর একই উপলব্ধি সুশীল সমাজের।
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি আয়োজিত এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জিল্লুর রহমান, সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহম্মেদ, ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সুরঞ্জিত সেন গুপ্ত, বেগম মতিয়া চৌধুরী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।
