কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৭ পুলিশ কর্মকর্তার একযোগে বদলির আবেদন
বিএনপি নেতাদের তদবিরে অতীষ্ঠ হয়ে রোববার নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সাত পুলিশ কর্মকর্তা একযোগে বদলির আবেদন করেছেন।
আবেদনকারী কর্মকর্তারা হলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খোরশেদ আলম, এসআই আমজাদ হোসেন, জহুর আলী, রহুল আমিন এবং এএসআই রহমতউল্যা, নজরুল ইসলাম ও মনির হোসেন।
কোম্পানীগঞ্জ থানা সূত্র জানায়, জুলাই মাসে চুরি - ডাকাতিসহ থানার আইন - শৃংখলা পরিস্থিতির অবনতি হলে পুলিশ সন্দেহভাজন ৫০ জনকে আটক করে। কিন্তু স্থানীয় বিএনপি নেতারা আটককৃতদের দলীয় কর্মী দাবী করে এ বিষয়ে আইনমন্ত্রীর কাছে অভিযোগ করলে গত বৃহস্পতিবার আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ কোম্পানীগঞ্জ এসে ওসির প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেন। এ ঘটনার পর থানার পুলিশ কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। এমনকি শনিবার রাতে মন্ত্রী এলাকা ত্যাগের সময়ও থানার কোন পুলিশ সদস্য প্রোটেকশন দেয়নি বলে জানা গেছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খোরশেদ আলম বিডিনিউজকে বলেন, এই থানায় কেউ কাজ করতে চায় না বলে সবাই একযোগে অন্যত্র বদলির জন্য আবেদন করেছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এছাড়া এএসপি (সদর সার্কেল) মোহাম্মদ হোসেনও বিষয়টি স্বীকার করেছেন।
উল্লেখ্য, গত পাঁচ বছরে এ থানায় দায়িত্ব পালনকালে মোট ছয়জন ওসির মধ্যে দুজন চাকরিচ্যুত হন। অপর তিনজনের মধ্যে দুজন তদবির করে পদোন্নতি নিয়ে ও একজন স্বেচ্ছায় অন্যত্র চলে যান।
