বাংলাদেশের সাথে ১৭৪ কিমি সীমান্তে রেড এলার্ট জারি করেছে বিএসএফ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের সাথে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং হবিগঞ্জ জেলা বরাবর ১৭৪ কিলোমিটার সীমান্তে রেড এলার্ট জারি করেছে।
বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সাথে বুধবার ও বৃহস্পতিবার বিএসএফের ব্যাপক গুলিবিনিময় হওয়ার পর এ রেড এলার্ট জারি করা হয়। বিএসএফের এক বিজ্ঞপ্তিতে রেড এলার্টের ঘোষণার কথা জানানো হয়।
স্থানীয় বিডিআর সূত্র জানায়, সংঘর্ষের আশঙ্কা রয়েছে এমন সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েন এবং ভারী অস্ত্রশস্ত্র জড়ো করা হচ্ছে।
এদিকে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সতর্কতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিডিআরের প্রতি নির্দেশ দিয়েছেন।
প্রতিমন্ত্রী শুক্রবার বেরসকারি একটি টেলিভিশন চ্যানেলকে বলেন, বিডিআরকে সংযত থাকার আহ্বান জানানো হয়েছে।
সূত্র জানায়, বিএসএফ সদস্যরা সীমান্ত বরাবর টহল জোরদার করেছে। সবসময় সীমান্তবর্তী বাংলাদেশীদের গতিবিধির ওপর কড়া নজর রাখছে। রাতে শক্তিশালী সার্চ লাইট ব্যবহার করছে তারা।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পর্যন্ত বিডিআর ও বিএসএফ’র ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষে ১০ হাজার রাউন্ড গুলি ও ৪ শ’ মর্টার শেল ছোঁড়া হয়েছে। এতে বিডিআর সদস্যসহ আহত হয়েছে ১৬ জন।
এদিকে বিডিআর ও বিএসএফ মুখোমুখি অবস্থানে থাকায় সীমান্তবর্তী লোকজন আতঙ্কে গৃহে ফিরতে সাহস পাচ্ছে না। সীমান্তবর্তী লোকজনকে সীমান্তের কাছাকাছি অবস্থান না করার জন্য অনুরোধ করা হয়েছে বলে বিডিআর সূত্র জানায়।
বিডিআর ব্যাটালিয়ন ১ এর মেজর শেখ মাহমুদুল হক বিডিনিউজকে জানান, ভারতের স্বাধীনতা দিবসকে সামনে রেখে এবং বৃহস্পতিবারের সংঘর্ষের ফলে বিএসএফ সীমান্তে শক্তি জোরদার করছে।
তিনি বলেন, বাংলাদেশও পাল্টা ব্যবস্থা হিসেবে সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করছে।
