২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের আয়কর ফাঁকি সংক্রান্ত মামলার রায় ১৭ আগস্ট

সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের বিরুদ্ধে আয়কর ফাঁকি সংক্রান্ত মামলার রায়ের তারিখ আগামী ১৭ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2006, 06:32 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

একই দিনে এরশাদের বিরুদ্ধে জাহাজ ক্রয় এবং হরিপুর তেলক্ষেত্রে সিমিটার চুক্তি সংক্রান্ত দুটি দুর্নীতি মামলার অভিযোগ গঠন করা হবে।

ঢাকার বিশেষ বিভাগীয় জজ আদালতের বিচারক মালিক আবদুল্লাহ আল আমিন বৃহস্পতিবার উভয় পক্ষের আইনজীবীদের দীর্ঘ শুনানি শেষে রায়ের তারিখ ধার্য করেন।

আয়কর সংক্রান্ত দুর্নীতি মামলার এজাহারে বলা হয়, ক্ষমতায় থাকাকালে ১৯৮৩ থেকে ১৯৮৯ পর্যন্ত ছয় বছরের জন্য এরশাদ জাতীয় রাজস্ব বোর্ডকে সাত লাখ ৪৩ হাজার চারশ’ ১৬ টাকা আয়কর দেন। পরে তিনি যথাযথ কাগজপত্র দাখিল না করেই ওই আয়কর থেকে দুই লাখ ৭৬ হাজার ৩২৪ টাকা মওকুফ করিয়ে নেন। ১৯৯২ সালের ২৭ জুলাই দুর্নীতি দমন ব্যুরো রমনা থানায় তিনজন আয়কর কর্মকর্তাসহ এরশাদকে অভিযুক্ত করে মামলা দায়ের করে। মামলার তদন্ত কর্মকর্তা একই বছরের ১৯ ডিসেম্বর শুধু এরশাদকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে। ১৯৯৪ সালের ২৬ জানুয়ারি এ মামলার চার্জ গঠন করা হয় এবং ২০০৩ সালের ২৬ জুন বিচারকাজ শুরু হয়।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ বৃহস্পতিবার তার আইনজীবীদের মাধ্যমে আদালতে হাজিরা দেন।

সাংবাদিকদের সাথে আলাপকালে এরশাদ জানান, এ মামলা থেকে খালাস পাবেন বলে তিনি আশাবাদী।

এদিকে জাহাজ ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলায় এরশাদকে সম্পূরক অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

জাহাজ ক্রয় সংক্রান্ত মামলায় বলা হয়েছে, এরশাদের মন্ত্রীসভার শিক্ষামন্ত্রী শহীদুল ইসলাম দিলকুশা বাণিজ্যিক এলাকার ভেনটেজ ইন্টারন্যাশনাল লিমিটেডের সহায়তায় অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে পাকিস্তান থেকে দুটি জাহাজ ক্রয়ের প্রকৃত তথ্য গোপন করে মিথ্যা রেকর্ডপত্র সৃষ্টি করে বাংলাদেশ সরকারের ২৯ কোটি ৫৬ লাখ ৬৮ হাজার টাকার আর্থিক ক্ষতি সাধন করেন।