গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করে অন্য শক্তির অভ্যুদয় হলে দুই নেত্রীকেই কাঠগড়ায় দাঁড়াতে হবে: আনোয়ার হোসেন মঞ্জু
জাতীয় পার্টির একাংশের (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, দেশের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা ব্যাহত হলে তার জন্য দুই নেত্রীকেই তার দায় দায়িত্ব নিতে হবে।
একানব্বই থেকে যে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হয়েছে, তা ব্যাহত হোক - এটা হতে দিতে চাই না।
বিডিনিউজকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি চারদলীয় জোট নেত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে অন্য কোনো শক্তির অভ্যুদয় হলে, জনগণের আকাঙ্খা পূরণে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে দুই নেত্রীকেই কাঠগড়ায় দাঁড়াতে হবে।
এছাড়া সংস্কার ছাড়া আওয়ামী লীগের নির্বাচনে যাওয়া যেমন ঠিক হবে না। ঠিক তেমনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল ছাড়া দেশে জাতীয় নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না বলেও মনে করেন তিনি।
এদিকে সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদ কখনই চার দলীয় জোটে যেতে পারেন না -- এমন চ্যালেঞ্জ থেকে কিছুটা পিছিয়ে এসেছেন তারই এক সময়ের ‘রানিং মেট’ আনোয়ার হোসেন মঞ্জু।
এ প্রসঙ্গে তিনি বলেন, এবার হয়তো তিনি (এরশাদ) ‘মরিয়া প্রমাণ করিবেন যে তিনি বাঁচিয়া আছেন’। অর্থাৎ এবার হয়তো কথা রেখে প্রমাণ করবেন যে তিনি আগে কখনই কথা রাখেননি।
দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে বড় দুই দলকেই সুদূরপ্রসারী ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন জেপি চেয়ারম্যান।
বিএনপি ও আওয়ামী লীগ প্রধানকে উদ্দেশ করে তিনি বলেন, আমি আশা করবো - তারা এমন কোনো পদক্ষেপ কিংবা সিদ্ধান্ত নেবেন না, যাতে তাদেরই (হাসিনা, খালেদা) দীর্ঘ সংগ্রামের ফসল গণতন্ত্র ব্যাহত হয়। আর সেটা হলে জাতি হিসেবে বহির্বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর সর্বশেষ সম্বলটুকুও (গণতান্ত্রিক ব্যবস্থা) শেষ হয়ে যাবে।
মঞ্জু বলেন, সুশীল সমাজ ও চিন্তাশীল মানুষসহ সর্বস্তরের জনগণের যতোই উদ্বেগ উৎকণ্ঠা থাকুক না কেন, আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বে শুভ বুদ্ধির উদয় না হলে অন্য কারো জন্যেই কিছুই করার থাকবে না।
জোটে যাওয়া নিয়ে নিজের অবস্থান এখনো পরিস্কার না করে জেপি প্রধান বলেন, আমি অবশ্যই জোটে অংশগ্রহণ করবো। তবে অন্য কোনো দলে যোগ দেব না। এ বয়সে কোনো দলে গিয়ে ‘চাকর’ হওয়ার ইচ্ছে আমার নেই।
কোন জোটে যাবেন এমন প্রশ্নের জবাবে ষ্পষ্ট করে কিছু জানাতে রাজি হননি তিনি। তবে দলের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করে তিনি আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবেন।
যদিও জেপি প্রেসিডিয়ামের অধিকাংশ সদস্য এবং পার্টি প্রধান আনোয়ার হোসেন মঞ্জু’র নির্বাচনী এলাকাসহ মাঠ পর্যায়ের নেতা কর্মীদের অভিমত, ক্ষমতাসীন জোটে অংশগ্রহণ করলে তাদের দল পিছিয়ে যাবে।
বর্তমানে চার অংশে বিভক্ত জাতীয় পার্টির ঐক্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আমাকে ছাড়া জাতীয় পার্টি এক হতে পারে। কিন্তু এরশাদ আমাকে বহিষ্কার করেছিলেন। তার সঙ্গে যাওয়ার প্রশ্নই আসে না।
এরশাদ চার দলীয় জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার পরেও ওই জোটে যাবেন কীনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এরশাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। দলীয় নেতারা যেখানে যাওয়ার প্রয়োজন মনে করবেন, দল সেই জোটেই অংশগ্রহণ করবে।
১৪ দল প্রস্তাবিত তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কার বাস্তবায়ন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জেপি চেয়ারম্যান বলেন, আমি সংস্কারে বিশ্বাস করি। এটি একটি চলমান প্রক্রিয়া। তাই মৌলিক কিছু বিষয় মানতেই হবে। আমি চাই সম্মিলিত অভিজ্ঞতার আলোকেই সংস্কার বাস্তবায়ন করা হোক।
সরকার ও বিরোধী দলের মধ্যে সংস্কার সংলাপ প্রসঙ্গে জেপি চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ ও বিএনপির মহাসচিব পর্যায়ে বৈঠক হতে পারে। বিএনপির মধ্যেও অনেকেই সংস্কার চান। কিন্তু জামাত থাকলে ১৪ দল সেই আলোচনায় বসবে না বলে জানিয়ে দিয়েছে। অবশ্য বিএনপি ওই শর্তে রাজি হলে তাদের জোটে জামাতের অস্তিত্বকেই অস্বীকার করার সামিল হবে।
