নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে সরকার পদত্যাগ করতে দিচ্ছে না: শেখ হাসিনার সাবেক পিএস
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব উবায়দুল মোকতাদির চৌধুরীর অংশ নেওয়া ঠেকাতে সরকার তার পদত্যাগ পত্র গ্রহণ করছে না ।
এক বছর আগে তিনি কয়েক দফা পদত্যাগ পত্র জমা দিলেও সরকার তা গ্রহণ না করে তার ওপর নির্বতনমূলক আচরণ করছে।
নগরীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। কম্পিউটারে কম্পোজ করা চার পাতার লিখিত বক্তব্যে তিনি তার ওপর সরকারের হয়রানির দীর্ঘ ফিরিস্তি দেন।
উবায়দুল মোকতাদির বলেন, আমি সরকারি পদ ছেড়ে জাতীয় নির্বাচনে প্রার্থী হতে চাই। এই মনোভাব বুঝে সরকার রাজনৈতিক কারণে আমার পদত্যাগ পত্র গ্রহণ করছে না। এমন কি আইনগত বাধা না থাকলেও এবং পিএসসির অনুমোদন স্বত্ত্বেও সরকার আমাকে চাকরি থেকে অব্যাহতি দিচ্ছে না।
তিনি বলেন, গত বছর ৯ আগস্ট প্রথম দফা আমি পদত্যাগ পত্র জমা দেই। কিন্তু শর্তযুক্ত হওয়ায় সে সময়টি এটি গ্রহণ করা হয়নি। একই বছর ২৭ ডিসেম্বর আরেকটি শর্তহীন পদত্যাগ পত্র জমা দিলে সেটিও গ্রহণ করা হয়নি।
তিনি জানান, এ বছর ১৩ এপ্রিল সরকারকে এক পত্রে তিনি জানিয়ে দেন, ৩১ মার্চ তিনি সরকারি বাসভবন ছেড়ে দিয়েছেন এবং এপ্রিল থেকে সরকারি বেতন ভাতা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এ বিষয়েও সরকারের কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না।
সংবাদ সম্মেলনে তার ব্যক্তিগত আইনজীবী অ্যাডভোকেট আনিসুল হক ও অ্যাডভোকেট কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
