জামায়াতের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠকের ঘটনায় জলিলের দু:খ প্রকাশ
দাতা দেশগুলো আয়োজিত এক বৈঠকে জামায়াতে ইসলামীর সঙ্গে আওয়ামী লীগের কিছু নেতা অংশ নেওয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল বুধবার ১৪ দলীয় জোট নেতাদের কাছে দু:খ প্রকাশ করেছেন।
গত সোমবার গুলশানের একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আওয়ামী লীগ নেতা এএইচএসকে সাদেক, সাবের হোসাইন চৌধুরী, মহিউদ্দিন খান আলমগীর ও আবুল মাল আব্দুল মুহিত উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমুর সভাপতিত্বে ১৪ দলের জোট নেতাদের উপস্থিতিতে বুধবার এক সভায় ওয়ার্কার্স পার্টির প্রেসিডেন্ট রাশেদ খান মেনন, সমাজবাদী দলের দিলিপ বড়–য়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) শরিফ নুরুল আম্বিয়া জামায়াতে ইসলামীর সঙ্গে বসে দাতাদের তুষ্ট করার ব্যাপারে প্রশ্ন তুললে জলিল দুঃখ প্রকাশ করেন।
একাত্তরের যুদ্ধাপরাধীদের সঙ্গে কোন আলোচনায় বসা হবে না - ১৪ দলের এমন সিদ্ধান্তের পরও আওয়ামী লীগ নেতারা কেন জামায়াতে ইসলামীর সঙ্গে এক টেবিলে বসলেন- রাশেদ খান মেননের এমন এক প্রশ্নের জবাবে আবদুল জলিল বলেন, জামায়াতের সঙ্গে এক টেবিলে বসাটা আসলে ঠিক হয়নি। জোটের অন্য শরিকদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করে নেয়া উচিত ছিল।
বৈঠক সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ ও আমির হোসেন আমু দলের নেতাদের জামায়াতের সঙ্গে বৈঠকে বসার তীব্র নিন্দা করেন।
বৈঠকে ১৪ দল নেতারা লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে সারা দেশব্যাপী ১২ আগস্ট এক র্যালি আয়োজনের সিদ্ধান্ত নেন।
আওয়ামী লীগের সুরঞ্জিত সেন গুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের ও ১৪ দলের অন্য নেতৃবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
