২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দখলদারদের বাধার মুখে পানাম নগরী সংরক্ষণ ও উন্নয়ন করা যাচ্ছে না: সংস্কৃতি প্রতিমন্ত্রী

দখলদারদের বাধার মূখে সরকার ঢাকার পার্শ্ববর্তী প্রাচীন ঐতিহ্যবাহী পানাম নগরীর ঐতিহ্য সংরক্ষণ ও উন্নয়নের কাজ করতে পারছে না। সরকারি বরাদ্দের টাকা যথাসময়ে ব্যয় করতে না পারায় রাষ্ট্রীয় কোষাগারে ফেরত যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2006, 04:28 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী সেলিমা রহমান বুধবার তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান।

সংস্কৃতি সচিব আব্দুল কাইয়ুম, যুগ্ম সচিব আব্দুর রাজ্জাক, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক আহমদ নজীর, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক কবি আব্দুল হাই সিকদার, বাংলা একাডেমীর মহাপরিচালক আবুল কালাম মঞ্জুর মোর্শেদ, প্রত্মতত্ত্ব বিভাগের মহাপরিচালক ড. শফিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জোট সরকার আমলে তার মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরেন।

প্রতিমন্ত্রী জানান, ১১ কোটি নয় লাখ টাকা ব্যয়ে জাতীয় নাট্যশালা নির্মাণ প্রকল্পের দ্বিতীয় পর্যায় অনুমোদন হয়েছে। শিগগিরই এর কাজ শুরু হবে। চলতি অর্থবছরে প্রায় ৩৯ কোটি টাকা ব্যয়ে ২০টি জেলার শিল্পকলা একাডেমি নির্মাণের কাজ অচিরেই শুরু হচ্ছে।

তিনি জানান, ২০০৫ সালকে ‘বিজ্ঞান গ্রন্থবর্ষ’ হিসেবে উল্লেখ করে সরকার পাঁচজন বিজ্ঞান লেখককে স্বর্ণপদক প্রদান করেছে। চলতি ২০০৬ সালকে ইতোমধ্যেই ‘প্রযুক্তি গ্রন্থবর্ষ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ বছরও পাঁচজন প্রযুক্তি লেখককে স্বর্ণপদক দেওয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কবি আব্দুল হাই সিকদার বলেন, বাংলাদেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাক্রমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিষয় উপেক্ষিত হচ্ছে। ফলে নজরুল সম্পর্কে সম্যক ধারণা না নিয়েই একজন শিক্ষার্থী সর্বোচ্চ ডিগ্রী অর্জন করছে। এ অবস্থার পরিবর্তনে সরকারিভাবে উদ্যোগ গ্রহণের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রয়োজন।

অপর এক প্রশ্নের জবাবে শিল্পকলা একাডেমীর মহাপরিচালক বলেন, জাতীয় নাট্যশালার জন্য গত এক বছরে সরকারের ব্যয় হয়েছে প্রায় এক কোটি টাকা। এই সময়ে নাট্যশালা থেকে সরকারের আয় হয়েছে মাত্র ২০ লাখ টাকা। সরকার ৮০ লাখ টাকা ভর্তূকি দিয়েছে।

তিনি জানান, আমাদের নাট্য আন্দোলনের সাথে জড়িত ব্যক্তিরা নামমাত্র ভাড়ায় এটি ব্যবহার করতে চায়। কিন্তু তা সম্ভব নয়। তাই এ নাট্যশালাটি অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়।