২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি ছাত্রলীগের ১১ নেতা-কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

অভ্যন্তরীণ কোন্দলে সংগঠনের দলীয় শৃংখলা ভঙ্গ এবং সংগঠন পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ১১ নেতা - কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2006, 08:52 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

এর মধ্যে আজিবুর ও জাহাঙ্গীর নামে দুই কর্মীকে আজীবন বহিষ্কার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, জাহিদ পারভেজ পুলক এবং সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনকে ৬ মাসের জন্য বহিস্কার এবং বনি, সমীর ও নাহিদ নামে তিন কর্মীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে জাবি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক রোববার এই ব্যবস্থা গ্রহণ করেন।

এ ব্যাপারে ছাত্রলীগ জাবি শাখার সভাপতি সোহেল পারভেজ ও সাধারণ সম্পাদক মাহমুদ জনির সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, ১ আগস্টের ঘটনার পর কেন্দ্রীয় নেতারা তাদের ঢাকায় ডেকে পাঠিয়েছিলেন এবং তিনদিনের মধ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। রোববার ছিল সেই সময়সীমার শেষদিন।

সোহেল ও জনি বলেন, তারা দুজনে বসে জড়িতদের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় নেতাদের জানালে তারা তাতে অনুমোদন দেন।

সূত্র জানায়, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গত ১ আগস্ট এক সংঘর্ষে সংগঠনের চার নেতা-কর্মী আহত হয় এবং ওই ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিনে আরো কয়েকটি অনাকাঙ্খিত ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রলীগ দলীয় শৃঙ্খলা রক্ষার জন্য রোববার জাবি শাখা ছাত্রলীগকে ব্যাবস্থা গ্রহণের নির্দেশ দিলে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ ছাড়া মনির, বাবলু ও ইমরান নামে অপর তিন কর্মীকেও শোকজ করা হয়েছে।

উল্লেখ্য দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এ নিয়ে ছাত্রলীগ জাবি শাখার মোট ১৪ নেতা - কর্মীর বিরুদ্ধে বহিষ্কারসহ বিভিন্ন মেয়াদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো।