বেসরকারি শিক্ষক কর্মচারিদের বেতন ১০০ ভাগ করার দাবি মানতে হলো সরকারকে
সরকার অবশেষে বেসরকারি শিক্ষক কর্মচারিদের বেতন ১০০ ভাগে উন্নীত করার মূল দাবি মেনে নিতে বাধ্য হয়েছে। বেতন - ভাতা বৃদ্ধিসহ নানা দাবিতে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের অনমনীয় ধর্মঘটের ফলে সারাদেশের শিক্ষা ব্যবস্থা অচল হয়ে পড়ে।
এর পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রী ড. ওসমান ফারুক রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সরকারের এই দাবি মেনে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
মন্ত্রী জানান, বেসরকারি শিক্ষক -- কর্মচারিদের মূল দাবি হচ্ছে তাদের বেতন ৯০ শতাংশ থেকে ১০ শতাংশ বাড়িয়ে ১০০ ভাগে উন্নীত করা। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষক কর্মচারি নেতাদের সঙ্গে আলাপ - আলোচনার ভিত্তিতে সরকার তাদের এই দাবিটি মেনে নিয়েছে। অবিলম্বে এই দাবি কার্যকর করা হবে।
তিনি আরও জানান, প্রাথমিক পর্যায়ে পাঁচ শতাংশ বেতন বৃদ্ধি করে তা নগদ অর্থে পরিশোধ করা হবে। সরকারের কাছে এই মুহূর্তে যথেষ্ট নগদ অর্থ না থাকায় বাকি পাঁচ শতাংশ অর্থ পরিশোধ করা হবে বন্ডের মাধ্যমে। সরকারি কোষাগারে অর্থ জমা হলে শিক্ষক কর্মচারিরা এসব বন্ড ভাঙাতে পারবেন।
বেসরকারি শিক্ষক কর্মচারি ফ্রন্ট ছাড়াও শিক্ষক কর্মচারি ঐক্য জোট, বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি (মনসুর), কারিগরি কলেজ শিক্ষক সমিতির প্রায় ২৫ হাজার শিক্ষক কর্মচারি দীর্ঘদিন ধরে বেতন ১০০ ভাগ করাসহ বিভিন্ন দাবিতে শিক্ষা ধর্মঘট, অনশন. মন্ত্রী -- সাংসদদের বাসভবন ঘেরাও, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছে।
