২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়া নির্বাচন বানচাল করতে চান, অভিযোগ শেখ হাসিনার

বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা রোববার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে আগামী নির্বাচন বানচালের অভিযোগ করেছেন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের সংস্কার করা হলে বিএনপি-জামাত জোট জিততে পারবে না। আর নির্বাচনে জিততে না পারলে জনগণ ‘দুর্নীতি ও অপকর্মের’ জন্য তাদের বিচার করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2006, 01:57 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

শেখ হাসিনা বাগেরহাট ও মাগুরা জেলা ও উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মত বিনিময়কালে একথা বলেন।

শনিবার প্রধানমন্ত্রী নির্বাচন বানচালের যে অভিযোগ করেন তার জবাবে শেখ হাসিনা পাল্টা অভিযোগ করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, “নির্বাচন বানচাল আমরা না, আপনি ও আপনার দল করছে। নির্বাচনের স্বার্থে সংস্কারের কথা বলা হয়েছে। সংস্কারের কথা শুনে এত জ্বালা করে কেন ?”

সংসদে বিরোধীদলের নেত্রী আরও বলেন, “জনগণের অর্থ চুরি, ভোট চুরি ও কাজ চুরি হলো এই সরকারের কাজ। তারা বিগত পৌনে পাঁচ বছরে ২ লক্ষ ৮৬ হাজার কোটি টাকা চুরি করেছে। প্রধানমন্ত্রীর স্বামী অস্ত্রহাতে ১৯৭৯ সালে তৎকালীণ রাষ্ট্রপতি সায়েমকে অসুস্থ বানিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করে। আর আওয়ামী লীগ আমলে নেওয়া উন্নয়ন কাজের পাথর তুলে ফেলে নিজের নাম বসিয়ে ফলক উন্মোচন করে যাচ্ছে। আওয়ামী লীগ কারো ভোট চুরি করে ক্ষমতায় আসেনি।

তিনি জোর দিয়ে বলেন, সংস্কার ছাড়া কোন নির্বাচন হবে না। ইউরোপীয় ইউনিয়ন স্বচ্ছ ব্যালেট বাক্স বিনামূল্যে দিতে চেয়েছে। কিন্তু সরকার তা নিতে চায় না। বিনামূল্যে নিলে তো আর পয়সা কামাই করা যাবে না- মন্তব্য শেখ হাসিনার।

কর্ণফুলী নদীর ওপর ঝুলন্ত সেতুর দাবি উপেক্ষা করে প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “সরকারের শেষ সময়ে কোন মতে একটি পিলারের সেতু বানিয়ে অর্থ আদায় করতে চায় জোট সরকার”। পিলারের সেতু নির্মাণ করা হলে কর্ণফুলী নদীতে পলি জমবে বলে তিনি মন্তব্য করেন।

তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন “দেশের প্রতিটি অঞ্চলে কারা আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে তার তালিকা তৈরি করেন।”

তিনি জনগণের উদ্দেশ্যে ‘ভোট চোর, অর্থ চোর ও কাজ চোরদের’ ব্যাপারে সচেতন থাকার আহবান জানান।