২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালো টাকার টোপ যুব সম্প্রদায়কে ধ্বংস করে দিচ্ছে: হাসিনা

সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শনিবার সতর্ক করে দিয়ে বলেছেন, কালো টাকার টোপ দিয়ে দেশের যুব সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়া হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2006, 09:23 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

যুব সম্প্রদায়কে আদর্শের উন্নয়নের মাধ্যমে এ পরিস্থিতিকে প্রতিহত করতে হবে।

শেখ হাসিনা বলেন, আদর্শ, নৈতিকতা ও আত্মসম্মান বর্জিত সমাজ বেশি দূর অগ্রসর হতে পারে না। জনগণকে অধিকার বঞ্চিত করা এবং কালো টাকার মালিক হওয়া আজকাল একটি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামালের ৫৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে ধানমণ্ডিস্থ আবাহনী ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। আবাহনী সমর্থক গোষ্ঠী এ অনুষ্ঠানের আয়োজন করে।

ক্রীড়াঙ্গনে রাজনীতির অনুপ্রবেশ ঘটানোর জন্য শেখ হাসিনা বিএনপি-জামায়াত জোটকে দায়ী করে বলেন, তারা ক্রীড়াঙ্গনকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। ফলে দেশ পিছিয়ে পড়ছে। ক্রীড়া ও সামাজিক সংগঠনকে বিভেদের দৃষ্টি থেকে দেখলে কোনও দেশ উন্নতি করতে পারে না বলে তিনি জানান।

খালেদা জিয়া ব্যাংক ডাকাতির সাথে শেখ কামালকে জড়িত করে বারবার কথা বলায় শেখ হাসিনা প্রধানমন্ত্রীর সমালোচনা করেন। শেখ হাসিনা বলেন, শেখ কামালের ভাবমূর্তি নষ্ট করার জন্য সুপরিকল্পিতভাবে বারবার এ ধরনের মিথ্যা অভিযোগ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর পুত্রের ব্যাংক ডাকাতির প্রয়োজন হয় না। বর্তমান প্রধানমন্ত্রীর পুত্রের মতো চাইলে তিনিও বিলিয়নার হয়ে উঠতে পারতেন।

সামাজিক ও ক্রীড়া সংগঠন গড়ে তোলাসহ যুব সম্প্রদায়ের উন্নয়নের কাজেই শেখ কামাল জড়িত ছিলেন বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আবাহনী সমর্থক গোষ্ঠী স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য পাঁচজন ক্রীড়া ব্যক্তিত্বকে পুরস্কার দেওয়া হয়। প্রত্যেককে একটি ক্রেস্ট ও নগদ পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়।

পুরস্কার প্রাপ্তরা হলেন মোহাম্মদ রফিক (ক্রিকেট), আরিফ খান জয় (ফুটবল), আফজালুর রহমান সিনহা (পৃষ্ঠপোষক), জাহিদুর রহমান পুশকিন (ক্রীড়া সংগঠক) এবং শেখ কামাল (ক্রীড়া সংগঠক) ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আবাহনী সমর্থক গোষ্ঠীর সভাপতি জাহাঙ্গীর আলম, আবাহনী ক্লাবের কর্মকর্তা সালমান এফ রহমান, কাজী শাহেদ আহমেদ, হারুনর রশিদ, এএইচএম মোস্তফা কামাল এবং কাজী আব্দুল হাকিম বক্তব্য রাখেন।