২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদলের বিভাগীয় মহাসমাবেশের তারিখ ঘোষণা

বিএনপি’র ছাত্র সংগঠন ছাত্রদলের বিভাগীয় পর্যায়ের মহাসমাবেশের তারিখ ঘোষণা করা হয়েছে। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রদলের এক প্রস্তুতি সভায় এই তারিখ ঘোষণা করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2006, 08:06 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

ঘোষিত তারিখ অনুযায়ী ১৭ আগস্ট বরিশালে, ২২ আগস্ট সিলেটে, ২৯ আগস্ট রাজশাহীতে, ৩১ আগস্ট খুলনায় এবং ৫ সেপ্টেম্বর চট্টগ্রামে বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। তবে ঢাকা বিভাগীয় মহাসমাবেশের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। ১৭ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে সভা সূত্র জানায়। 

দেশের প্রতিটি জেলা ও মহানগর শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদকরা এ প্রস্তুুতি সভায় উপস্থিত ছিলেন।

এতে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান ও বিশেষ অতিথি ছাত্র বিষয়ক উপদেষ্টা সাংসদ ফজলুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আজিজুল বারী হেলাল।

সভায় বিভিন্ন জেলা থেকে আগত সভাপতি এবং সাধারণ সম্পাদকরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। বিভিন্ন জেলা ও মহানগর শাখা থেকে আগত অধিকাংশ সভাপতি ও সাধারণ সম্পাদকদেরই অভিযোগ ছিল দলীয় কোন্দল, যোগ্য নেতৃত্ব এবং তৃণমূল নেতাদের প্রতি স্থানীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতাদের উদাসীনতা।

এ ছাড়া আর্থিক অস্বচ্ছতার ব্যাপারেও তারা অভিযোগ করেন। চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দ জানান, দলীয় কোন্দলের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কমিটি প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়েছে। চট্টগ্রাম মহানগরেও কোন কমিটি নেই।