২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ পর্যন্ত টাকা পাচ্ছে নির্বাচন কমিশন

দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে ভোটার তালিকা হালনাগাদের জন্য কাঙ্খিত অর্থ পেতে যাচ্ছে নির্বাচন কমিশন। অর্থ মন্ত্রণালয়ের কাছে চাওয়া বরাদ্দের অনুমোদন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাওয়ার পর বিরাজমান অনিশ্চয়তার জট খুলছে বলেই আপাতঃদৃষ্টে মনে হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2006, 07:44 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

 এ প্রতিবেদন লেখার সময় অর্থ প্রাপ্তির বিষয়ে সরকারি আদেশ (জিও) এসে পৌঁছেছে বলে খবর পাওয়া গেছে।

তবে অর্থ মন্ত্রণালয় প্রত্যাশিত পরিমাণের চেয়ে কম বরাদ্দ দিলে তা কাজ স¤পন্ন করার জন্য পর্যাপ্ত না -ও হতে পারে ভেবে চিন্তিত নির্বাচন কমিশন সচিব আব্দুর রশিদ সরকার। এ প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, বরাদ্দকৃত অর্থে কাজ সম্পন্ন করা না গেলে আবার বরাদ্দ চাইতে হতে পারে।

প্রধানমন্ত্রী গত রাতে নির্বাচন কমিশনের ফাইলে অনুমোদন দিয়েছেন বলে তিনি জানান। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানও নির্বাচন কমিশনের বরাদ্দ দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানান। তবে অর্থ মন্ত্রণালয় বা নির্বাচন কমিশন সচিবÑ কেউই টাকার পরিমাণ উল্লেখ করতে রাজি হননি।

সচিব তার ধারণার ভিত্তিতে বলেন, আমরা যে পরিমাণ অর্থ চেয়েছিলাম, সেই পরিমাণ দেওয়া হয়নি। পরে আমাদের আরও অর্থের প্রয়োজন হতে পারে। তবে কী ধরনের শর্ত সাপেক্ষে অর্থ মন্ত্রণালয় এ বরাদ্দ দিয়েছে সে ব্যাপারে সচিব কিছু জানাতে চাননি।

তিনি বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ যারা করছেন টাকা পাওয়ার পর মাঠ পর্যায়ের সেই সব কর্মকর্তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হবে।

নির্বাচন কমিশনের মতে, বিদ্যমান ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু হওয়ার পর ৩২ দিনে ৬৫ লাখ ১৩ হাজার ৮২৪ জন ভোটার নাম অন্তর্ভুক্ত  করেছেন এবং এ সময়ে বাদ দেওয়া হয়েছে ৫ লাখ ১ হাজার ২২৬ জনের নাম। জুলাইয়ের প্রথম দিন থেকে  হালনাগাদের কাজ  শুরু  হলেও ১২ জুলাই থেকে মাঠকর্মীরা বাড়ি বাড়ি যাওয়া শুরু করেন।

ঢাকা-৮ আসনের সাবেক আওয়ামী লীগ সাংসদ হাজী মোহাম্মদ সেলিমের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব জানান, অভিযোগ তদন্তের জন্য ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। সচিব জানান, কামরাঙ্গীর চর এবং অন্যান্য এলাকায় প্রায় ১২ হাজার ভুয়া ভোটারের নাম হালনাগাদকৃত তালিকাতেও বহাল রাখতে ক্ষমতাসীন বিএনপির সাংসদ নাসিরউদ্দিন পিন্টু অবৈধভাবে চাপ প্রয়োগ করছেন বলে হাজী সেলিম কমিশনে অভিযোগ করেছেন।

ভোটার তালিকা হালনাগাদের কাজে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সচিব হুঁশিয়ারি উচ্চারণ করেন।