হাইকোর্টে শায়খ রহমান ও বাংলা ভাইয়ের ডেথ রেফারেন্সের শুনানির দ্বিতীয় দিন অতিবাহিত
হাইকোর্টে জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর শীর্ষ স্থানীয় নেতা শায়খ আব্দুর রহমান এবং সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের ডেথ রেফারেন্সের শুনানি বুধবার দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হয়।
বিচারপতি আলী আসগর খান ও বিচারপতি এমদাদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হয়।
আলোড়ন সৃষ্টিকারী ঝালকাঠির আইনজীবী সোহেল আহমেদ এবং জগন্নাথ পাঁড়ে হত্যার অন্যতম আসামী জেএমবি’র শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাই ছাড়াও আরো পাঁচজন জঙ্গিকে গত ২৯ মে বরিশালের একটি আদালত মৃত্যুদণ্ড দেয়।
এই মামলায় মৃত্যুদ-প্রাপ্ত সাত জেএমবি সদস্যের শুনানি করতে অগ্রাধিকার ভিত্তিতে ‘পেপার বুক’ তৈরি করা হয়েছে।
৩২৫ পৃষ্ঠার পেপার বুকের ২০ পৃষ্ঠা মঙ্গলবার পড়ে শোনানো হয়। বুধবারও চলে পেপার বুকের পাঠ। বৃহস্পতিবার আদালতে আবার পেপার বুক পাঠ শুরু হবে।
এরই মধ্যে আদালত চার্জশিট ও এজাহারসহ নানা নথিপত্র উপস্থাপন করেন। ২৩ জনের মধ্যে আদালত ২১ জনের সাক্ষ্যগ্রহণ শেষ করেছে। এছাড়া তিন জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি পরীক্ষা করা বাকি রয়েছে।
