আট জেলায় পদযাত্রা ও হরতালসহ ১৪ দলের মাসব্যাপী নয়া কর্মসূচি ঘোষণা
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল দেশের আটটি বড় জেলায় পদযাত্রা ও বিক্ষোভসহ মাসব্যাপী আন্দোলনের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল বুধবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এই নতুন কর্মসূচি ঘোষণা করেন।
অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ২১ আগস্ট সারাদেশে যে যেখানে থাকবেন সেখানেই ২ মিনিটের জন্য থমকে দাঁড়িয়ে নীরব অবস্থান কর্মসূচি পালন করবেন।
এ ছাড়া আগামী ১৫ আগস্ট দেশব্যাপী অর্ধদিবস (সকাল ৬ টা থেকে বেলা ১২ টা) হরতাল পালন করবে বিরোধী জোট।
বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর এবং তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের দাবিতে এ সকল কর্মসূচি পালিত হবে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী ১০ আগস্ট বগুড়া, ১২ আগস্ট কুষ্টিয়া, ১৯ আগস্ট বরিশাল, ২০ আগস্ট যশোর, ২৪ আগস্ট রাজশাহী, ২৬ আগস্ট রংপুর, ২৮ আগস্ট চট্টগ্রাম ও ৩০ আগস্ট সিলেটে পদযাত্রা অনুষ্ঠিত হবে। এতে ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেবেন।
গত বছরের ১৭ আগস্ট দেশের ৬৩ টি জেলায় একযোগে গ্রেনেড ও বোমা হামলা চালিয়ে মানুষ হত্যার প্রতিবাদে ওইদিন সারাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে ১৪ দল।
এ ছাড়া ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ওইদিন বিকেল ৫ টা ২২ মিনিট থেকে ২ মিনিটের জন্য ঢাকাসহ সারাদেশে নীরবতা পালন করা হবে। সারাদেশে একই সময়ে বাঁশি বাজিয়ে প্রতীকী এই ব্যতিক্রমী কর্মসূচির সূচনা হবে এবং কর্মসূচি চলাকালে বিউগল বাজানো হবে।
২১ আগস্টের শহীদদের স্মরণে ওইদিন সকাল ১১টায় স্মৃতি স্তম্ভে ১৪ দলের নেতা - কর্মী ও শহীদ পরিবারসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। ওইদিন বিকেলে ঢাকার বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে পদযাত্রা এসে বঙ্গবন্ধু এভিনিউতে এক সমাবেশে মিলিত হবে। সন্ধ্যায় ২১ আগস্টের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হবে।
এ ছাড়া ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে আগামী ১৪ আগস্ট আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা এবং ১৫ আগস্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ কর্মসূচিতে ১৪ দলের নেতৃবৃন্দ অংশ নেবেন।
আব্দুল জলিল জানান, আগস্টে শোকের মাসের কর্মসূচি পালন শেষে সরকার বিরোধী ধারাবাহিক আন্দোলনের পরবর্তী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, হাসানুল হক ইনু, নুরুল ইসলাম, দিলীপ বড়–য়া, সৈয়দ জাফর সাজ্জাদ, শরিফ নুরুল আম্বিয়া, পংকজ ভট্টাচার্য, ফজলে হোসেন বাদশা, মফিজুল ইসলাম খান কামাল, এমএ গণিসহ আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
