২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের আসন ও অস্তিত্ব রক্ষায় কাদের ১৪ দলের সাথে যেতে বলছে: এরশাদ

চারদলীয় জোটে যোগদান সিদ্ধান্তের বিরোধিতাকারী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের এমপির সমালোচনা করে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, কাদের নিজের লালমনিরহাটের আসন ও অস্তিত্ব রক্ষায় বিরোধী ১৪ দলের সাথে যেতে বলছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2006, 04:02 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

ছোট ভাইয়ের রাজনৈতিক অবস্থান প্রত্যাখান করে এরশাদ বলেন, তাতে আমাদের কোনো লাভ নেই। তাকেও (কাদের) জাতীয় পার্টির প্রয়োজন নেই। সে ইচ্ছা করলে চলে যেতে পারে। নিজের ভাই, তাকে তো আর বের করে দিতে পারি না।

জাপা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এরশাদ রোববার রাজধানীর হোটেল সুন্দরবনে দলের সিলেট বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।

এতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা এবং উপজেলা ও সিলেট মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।

এরশাদ চারদলীয় জোটে যোগদানের পক্ষে তার যুক্তি তুলে ধরে বলেন, জাতীয় পার্টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আওয়ামী লীগের নাম উল্লেখ না করে এরশাদ বলেন, ২১ বছর পর ক্ষমতায় আসার জন্যে যাদের সমর্থন দিয়েছিলাম, তারা যদি জাপাকে না ভাঙ্গতো, তাহলে এখন জাপাই থাকতো দেশের এক নম্বর দল। তারা আমার সাথে কথা না বলে আমার দলের তৎকালীন মহাসচিবকে মন্ত্রী করেছিল।

তিনি বলেন, আমি জেলে থাকা অবস্থায় তাদের সরকার গঠনের জন্যে সমর্থন দিয়েছিলাম। পরে জেল থেকে বেরিয়ে আমার দলের মহাসচিবকে মন্ত্রিসভা থেকে বাদ দিতে বলেছি। বলেছিলাম, তাকে বাদ দিলে জাপা শক্তিশালী হবে। আমাদের সমর্থনে আপনারা আজীবন ক্ষমতায় থাকবেন।

“কিন্তু তারা শোনেনি, বরং আমার দল ভেঙ্গে দিয়েছে। দলের প্রতীক লাঙ্গলের জন্যে আমাকে আদালতে যেতে হয়েছে।”

সাবেক রাষ্ট্রপতি এরশাদ বিরোধী দল ও মিডিয়ার উদ্দেশ্যে বলেন, অনেক অত্যাচার নির্যাতন ও নিপীড়ন সহ্য করে দলকে টিকিয়ে রেখেছি। নিজে ও দলের নেতাকর্মীদের বাঁচাতে এবং দেশের স্বার্থে একটি জোটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এতে একদিকে জাপা রক্ষা পাবে, অন্যদিকে জাপা ক্ষমতার অংশীদার হবে। এ নিয়ে কারো মাথা ঘামানোর প্রয়োজন নেই।

তার বিরুদ্ধে বিচারাধীন দূর্নীতির মামলা প্রসঙ্গে তিনি বলেন, যেসব অভিযোগে এসব মামলা করা হয়েছে, সেগুলোর কোনো ভিত্তি নেই। রাষ্ট্রপতি হিসেবে ইচ্ছা করলে এক হাজার একর জমির মালিক হতে পারতাম। কিন্তু নিজের জন্যে কিছু করিনি। মানুষের জন্যে কাজ করেছি। যে কারণে এখনো মানুষ আমাকে ভালোবাসে।

তিনি আগামী নির্বাচনে তার পক্ষে কাজ করার জন্যে সকল স্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।

জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা এরশাদের ক্ষমতাসীন চারদলীয় জোটে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত: জানান। তারা এরশাদের সাথে থাকার আশ্বাস দেন। তবে এজন্যে তারা ৯১’র নির্বাচনে বিজয়ীসহ বেশ কিছু আসনে জাপা প্রার্থীদের প্রার্থিতা নিশ্চিত করার জন্যে দলীয় চেয়ারম্যানকে পরামর্শ দেন।

জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা অবশ্য বলেন, দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অত্যন্ত চড়া। এ কারণেই বর্তমান সরকারের তরী প্রায় ডুবে গেছে। এখন শুধু তাদের মাস্তুল ডুবতে বাকি রয়েছে।

এ অবস্থায় তাদের সাথে যাওয়ার আগে এরশাদকে শৃঙ্খলমুক্ত করা নিশ্চিত করতে হবে।

জাপা প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহম্মেদ জানান, আমাদের চেয়ারম্যানের নিকট জোটে যাওয়ার ব্যাপারে প্রস্তাব এসেছে, তবে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি।

জোটে যাওয়ার জন্যে তিনি তিনটি বিষয় তুলে ধরেন: এরশাদের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার, জোট নির্বাচিত হলে এরশাদকে প্রেসিডেন্ট নির্বাচন করা এবং জোটের নির্বাচিত এমপিদের আনুপাতিক হারে মন্ত্রীসভা গঠন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

এছাড়া কাজী ফিরোজ রশীদ, আবু হোসেন বাবলা, মোস্তফা জামাল হায়দার, আব্দুস সাত্তারসহ প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

জেলা ও উপজেলা পর্যায়ের অনেক নেতা বক্তব্য না রাখতে পারার কারণে শেষ পর্যায়ে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। এরশাদ পরিস্থিতি শান্ত করেন।