কর্নেল আকবর ছিলেন অহিংস রাজনীতির প্রবক্তা: সর্বদলীয় শোকসভায় বক্তারা
কর্নেল (অব.) আকবর হোসেন ছিলেন আজকের সমাজের আলোকিত পুরুষ ও অহিংস রাজনীতির প্রবক্তা।
প্রয়াত নৌ-পরিবহন মন্ত্রী আকবর হোসেনের স্মরণে শনিবার কুমিল্লার বীরচন্দ্র নগর মিলনায়তনে আয়োজিত এক সর্বদলীয় নাগরিক শোকসভায় দলমত নির্বিশেষে বক্তারা একথা বলেন।
নাগরিক শোকসভা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আমীর আলী চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক মুজিব, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহমেদ, বিএনপি সাংসদ মনিরুল হক চৌধুরী, অধ্যক্ষ মোহাম্মদ ইউনুছ, বেগম রাবেয়া চৌধুরী, বাসসের প্রধান সম্পাদক গাজিউল হাসান খান, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. গোলাম মহিউদ্দিন দিপু প্রমুখ।
সভায় বক্তারা প্রয়াত নেতার সৌহার্দ্যপূর্ণ, অহিংস ও সহনশীল রাজনীতির ধারাকে অব্যাহত রেখে তাকে সম্মানিত করার আহ্বান জানান।
সভায় সদ্য প্রতিষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আকবর হোসেন ছাত্রাবাস প্রতিষ্ঠা এবং নেতার কর্মময় জীবনের ওপর একটি স্মারক গ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।
