২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের সাথে একমত হতে পারছেন না ছোটভাই জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বিএনপি’র নেতৃত্বাধীন চারদলীয় জোটে যোগ দেওয়ার ঘোষণা প্রদানের কয়েক ঘন্টার মধ্যেই তার ছোটভাই ও দলীয সংসদ সদস্য জিএম কাদের বলেছেন, সরকারের পরিবর্তন ঘটানোই হচ্ছে এ মূহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2006, 06:47 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

জিএম কাদের বিডিনিউজকে বলেন, ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি দেশ এভাবে চলতে পারে না। জনগণ একটি পরিবর্তনের দিকে চেয়ে আছে এবং জনগণের ইচ্ছা পুরণে জাতীয় পার্টিকে অবশ্যই আন্দোলনে নামতে হবে।

তিনি বলেন, জাপা’র চারদলীয় জোটে যোগ দেওয়া উচিত হবে না।

১৯৯৬ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর জিএম কাদের এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে যোগদানের মধ্যে দিয়ে সক্রিয় রাজনীতিতে পা ফেলেন। এরপর দু দফায় তিনি দলের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি বলেন, আমাদের এমন কোনও দলের সাথে তার থাকা উচিত নয় যে দল দেশের সাথে বা এর জনগণের সাথে থাকবে না। তবে তিনি সুনির্দিষ্টভাবে বলেন নি যে, তিনি জাপা ছাড়ছেন কিংবা অন্য কোনও দলে যোগ দিচ্ছেন।

অন্যকোনও সিনিয়র নেতার সাথে এ বিষয়ে আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, এখনো নয়, তবে আমি শুনেছি জাপা’র অধিকাংশ সিনিয়র নেতাই  বিরোধী জোটে যোগ দেওয়ার পক্ষে।

বিএনপি জোটের সাথে যোগ দিতে এরশাদের একক সিদ্ধান্তের ব্যাপারে তিনি বলেন, আমরা কথায় কথায় বলি দলের চেয়ে দেশ বড়, কিন্তু বাস্তবে রাজনীতির ক্ষেত্রে আমরা কখনোই তা অনুসরণ করি না।

জাপা চেয়ারম্যান এরশাদ বলেছেন, ক্ষমতাসীন জোট নেতাদের সাথে প্রাথমিক আলোচনার পর তিনি চার দলীয় জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তিনি নিজেও যার একজন রূপকার।

“ক্ষমতাসীন জোটের উচ্চ পর্যায়ের নেতাদের এবং জাপা’র প্রেসিডিয়াম সদস্যদের সাথে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে”, এরশাদ বিডিনিউজকে বলেন।

তার দেওয়া শর্তের ব্যাপারে জোটের হাই কমান্ডের সাথে বিএনপি নেতাদের আলোচনার পর এক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে চুড়ান্ত ঘোষণা দেওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এরশাদ।

শর্তের ব্যপারে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও ধারনা করা হচ্ছে এরশাদ তার বিরুদ্ধে ঝুলে থাকা মামলাগুলো প্রত্যাহারের শর্ত দিয়েছেন এবং ২০০৭ সালের নির্বাচনে জোট জয়ী হলে রাষ্ট্রপতির পদটিতে অধিষ্ঠিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বৃহস্পতিবার রাতে সাবেক রাষ্ট্রপতির এরশাদের বাসায় গিয়ে এক নৈশভোজ বৈঠকে এ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

শুক্রবার এরশাদ ঘোষণা দেন তার দল সেপ্টেম্বরে বিএনপি নেতৃত্বাধীন জোটে যোগ দেবে।