২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার ও সিইসি’র পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতির সাথে আলোচনা করতে চায় এসসিবিএ

সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি (এসসিবিএ) বৃহস্পতিবার সিইসি’র পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার নিয়ে সৃষ্ট অচলাবস্থার ব্যাপারে রাষ্ট্রপতির সাথে আলোচনার জন্য সময় চেয়েছে। এছাড়াও সিইসি’র পদত্যাগের জন্য ৩১ জুলাই পর্যন্ত সময় বেধে দিয়েছে তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2006, 07:30 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

এসসিবিএ সভাপতি ব্যারিস্টার আমীর--উল ইসলাম এবং সাধারণ সম্পাদক এএম আমিনুদ্দিন রাষ্ট্রপতির কাছে আলোচনার জন্য সময় চেয়ে পাঠানো এক চিঠিতে বলেন, জনগণের ক্ষমতা ও ভোটাধিকার নিয়ে জনমনে যে উদ্বেগ দেখা দিয়েছে সে ব্যাপারে সুশীল সমাজ আপনার সাথে আলোচনা করতে চায়।

তারা বলেন, সাংবিধানিক প্রক্রিয়া ঊর্ধ্বে তুলে ধরে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় অবাধ ও স্বাভাবিক নির্বাচনের কোনও বিকল্প নেই।

এসসিবিএ নেতারা গত ২২ জুলাই বর্তমান রাজনৈতিক সংকট, সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়ন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন পদ্ধতি সংস্কার বিষয়ে আয়োজিত গোলটেবিল আলোচনার কার্যবিবরণী ও সুপারিশগুলো চিঠির সাথে সংযুক্ত করে দেন। সুশীল সমাজের নেতাদের অংশগ্রহণে ওই আলোচনা অনুষ্ঠিত হয়।

গোলটেবিল আলোচনায় সুশীল সমাজের নেতারা সিইসি ও অপর দুই ইসিকে ৩১ জুলাইয়ের মধ্যে স্বেচ্ছায় পদত্যাগের জন্য অনুরোধ জানানোর সুপারিশ করেন। যদি তা না হয় তবে তাদের অপসারণে রাষ্ট্রপতি সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিল গঠন করবেন বলে দাবি জানান তারা।

গোলটেবিল আলোচনার অন্যান্য সুপারিশের মধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং সংস্কার প্রস্তাব নিয়ে বিরোধী দলের সাথে আলোচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

চিঠি পাঠানোর পর ব্যারিস্টার আমীর--উল ইসলাম সাংবাদিকদের বলেন, সিইসি ও অপর দুই ইসি’র ঘনিষ্টরা যাতে তাদের বোঝাতে সক্ষম হন যে, তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন সেজন্য তারা জনমত সংগ্রহ করছেন।

তিনি বলেন, তারা বিষয়টি বুঝতে পারলেই স্বেচ্ছায় সরে যাবেন।

তিনি আরও বলেন, আমরা রাষ্ট্রপতিকে এ ব্যাপারে লিখেছি যে, তিনি বিষয়টিতে ভূমিকা রাখতে পারেন।

ব্যারিস্টার আমীর-উল ইসলাম আশা প্রকাশ করেন, ৩১ জুলাই পর্যন্ত বেধে দেওয়া সময়ের মধ্যেই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অপর দুই কমিশনার পদত্যাগ করবেন এবং জনগণকে উদ্বেগমুক্ত করবেন।

সিইসি পদত্যাগ না করলে তারা কী করবেন এ ব্যাপারে জানতে চাইলে ব্যারিস্টার আমীর বলেন, পাগল যদি গাছে উঠে আর তাকে যদি নামতে বলা হয় তবে সে আরও উপরে উঠতে থাকে। এক সময় সে দেখে যে গাছের গোড়াই নেই। তখন সে ভূপাতিত হয়।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হাইকোর্টের আদেশ অমান্য করে নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রণয়নের জন্য অর্থ ব্যয় করেছে, অডিট করলে তা বেরিয়ে আসবে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের শাস্তি পাওয়ার দৃষ্টান্ত থাইল্যান্ডে দেখা গেছে।