২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনাল খেলায় বিজয়ী হয়েই জনতার অধিকার প্রতিষ্ঠা করবো: ১৪ দল

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শীর্ষ নেতৃবৃন্দ আগামী তিন মাসকে সরকারের বিরুদ্ধে ‘ফাইনাল খেলার সময়’ উল্লেখ করে বলেছেন, এই খেলায় বিজয়ী হয়ে আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা করবো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2006, 07:15 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

বৃহস্পতিবার ১৪ দলের এক সভায় তারা বলেন, পদযাত্রা কর্মসূচি জনতার বিজয়যাত্রায় পরিণত হয়েছে। ঐক্যবদ্ধ আন্দোলনে আরও ব্যাপক গণমানুষকে স¤পৃক্ত করে গণঅভ্যুত্থান ঘটিয়ে জোট সরকারের পতন এবং সংস্কারের ভিত্তিতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আদায় করা হবে।

বিরোধী দলের আন্দোলনের মুখে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও তত্ত্বাবধায়ক সরকার গঠনের ক্ষেত্রে জোট সরকারের একতরফা কোনো সিদ্ধান্ত বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

আগামী ২৯ ও ৩০ জুলাই অনুষ্ঠেয় ঢাকামুখী পদযাত্রা কর্মসূচি উপলক্ষে গণফোরাম কার্যালয়ে মহানগর ১৪ দল আয়োজিত এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মোস্তফা মহসীন মন্টু।

১৪ দলের অন্যতম শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, ১৪ দলের ২৩ দফা ১৪ কোটি মানুষের দাবিতে পরিণত হয়েছে। কিন্তু গণবিচ্ছিন্ন জোট সরকার অশুভ শক্তিতে পরিণত হয়েছে। সন্ত্রাসী, উগ্র মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তি ও বোমাবাজির ওপর ভর করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু দেশের মুক্তিকামী মানুষ এখন বিরোধী দলের দাবি আদায়ের আন্দোলনে সম্পৃক্ত হতে এক পায়ে দাঁড়িয়ে আছে। সর্বস্তরের জনতার এই শক্তিকে ঐক্যবদ্ধ ও সংগ্রাম জোরদার করে আমরা জনগণের বিজয় নিশ্চিত করবো।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমীর হোসেন আমু বলেন, দেশে এখন গণঅভ্যুত্থানের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভয় -- ভীতি দেখিয়ে, অত্যাচার -- নির্যাতন চালিয়ে কিংবা আতংক সৃষ্টি করে জনগণের দাবি আদায়ের আন্দোলন দমানো যাবে না।

সংস্কার প্রস্তাব ও বিরোধী দলের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের আন্দোলন মানে নির্বাচন বিমুখতা নয়। নির্বাচনের বিরুদ্ধে নই আমরা। ভোট কারচুপির নির্বাচন প্রতিহত করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতেই আমরা আন্দোলন করছি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি ইতোমধ্যে পালিত তিন দিনের পদযাত্রা কর্মসূচির সাফল্যের কথা তুলে ধরে বলেন, দেশের মানুষ যে বিএনপি -- জামাত জোট সরকারকে প্রত্যাখ্যান করেছে এবং আমাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে, তা ব্যাপক গণমানুষের সম্পৃক্ততার মাধ্যমেই প্রমাণিত হয়েছে। গ্রামে -- গঞ্জেও মিলেছে অভূতপূর্ব সাড়া।

বিএনপি মহাসচিব অব্দুল মান্নান ভুঁইয়ার সম্প্রতি দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, সংস্কার প্রস্তাব আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়েছে। আমরা আলোচনার বিরোধী নই। আলোচনা আমরাও চাই।

দৃঢ় আশাবাদ ব্যক্ত করে জলিল বলেন, আমাদের আন্দোলনের মুখে সরকার আলোচনা করে সংস্কার মানতে বাধ্য হবে। সংস্কারের ভিত্তিতেই দেশে নির্বাচন হবে। ব্যাপক গণমানুষকে সম্পৃক্ত করে আমরা আন্দোলন চালিয়ে যাবো। রাজপথের বিজয় কেউ রোধ করতে পারবে না।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত এমপি, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, আওয়ামী লীগের মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, হাজী মোহাম্মদ সেলিম প্রমুখ সভায় বক্তব্য রাখেন।