২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কপের সাথে শ্রম প্রতিমন্ত্রীর বৈঠকে ৩১ জুলাই’র ধর্মঘট প্রত্যাহারের আহ্বান, স্কপের ‘না’

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) ও সরকারের মধ্যে স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়নের দাবিতে ৩১ জুলাই আহুত শ্রমিক ধর্মঘট প্রত্যাহার ইস্যুতে শ্রম প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানের সাথে স্কপ নেতাদের বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2006, 06:40 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক বৈঠকে প্রতিমন্ত্রী শ্রমিক পক্ষের ৮ দফা দাবির অন্যতম দাবি জাতীয় ন্যুনতম মজুরি ঘোষণা এবং ‘শ্রম নীতিমালা’ বাস্তবায়নে আরো কিছুদিন সময় চেয়ে ওই ধর্মঘট প্রত্যাহারে স্কপ নেতাদের প্রতি আহ্বান জানান।

অন্যদিকে স্কপ নেতৃবৃন্দ সভা থেকেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন। পরে এ বিষয় নিয়ে বাক বিতণ্ডা হয বলেও বেঠক সূত্র জানায়।

বৈঠক শেষে স্কপ’র সমন্বয়কারী ডা. ওয়াজেদুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ধর্মঘট প্রত্যাহার বা স্থগিতের কোনো প্রশ্নই ওঠে না। তিনি বলেন, ২০০৫ সালের এপ্রিল মাসের স্কপ আহুত ধর্মঘটের আগেও সরকার এ রকম সময় চেয়েছিলো। কিন্তু চুক্তি স্বাক্ষরের ৩০ মাস পরও এর বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।

প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানের সভাপতিত্বে এ বৈঠকে স্কপের পক্ষ থেকে আরও অংশ নেন শ্রমিক দলের ভারপ্রাপ্ত আবুল কাশেম চৌধুরী ও সাধারণ সম্পাদক জাফরুল হাসান, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নূরুল ইসলাম, শ্রমিক জোটের আব্দুল কাদের হাওলাদার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ওসমান আলী, মুক্ত শ্রমিক ফেডারেশনের মজিবুর রহমান ভূঞা, ট্রেড ইউনিয়ন সংঘের চৌধুরী আশিকুল আলম, ফ্রি ট্রেড কংগ্রেসের এএ মুকিত খান, শ্রমিক ফেডারেশনের শফিকুর রহমান মজুমদার ও শফিউদ্দিন আহমেদ, লেবার ফেডারেশনের অ্যাডভোকেট দেলোয়ার হোসেন খান প্রমুখ।

এ ছাড়াও মন্ত্রণালয় ও শ্রম পরিদপ্তরের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতেই আমানউল্লাহ আমান বলেন, শ্রমিক ও কর্মচারিদের দেওয়া সব প্রতিশ্র“তিই বাস্তবায়ন করা হয়েছে। চুক্তি অনুযায়ী শ্রম নীতিমালা ও ন্যুনতম মজুরি বর্তমানে বাস্তবায়নে প্রক্রিয়াধীন রয়েছে। আগামী ২১ আগষ্টের মধ্যে শ্রম নীতিমালা মন্ত্রিপরিষদের বৈঠকে উত্থাপন করা হবে। তাই এসব দাবি নিয়ে ধর্মঘটের আর কোনো প্রয়োজন নেই।

তিনি স্কপ নেতাদের প্রতি ধর্মঘট প্রত্যাহার বা স্থগিত করার আহ্বান জানান।

পরে স্কপ সমন্বয়কারী ওয়াজেদুল ইসলাম অভিযোগ করেন, ২০০৪ সালের ৮ জানুয়ারি সরকারের সাথে স্কপের স্বাক্ষরিত চুক্তির ৮ দফার ১৬টি উপদফার মধ্যে মাত্র চারটি বাস্তবায়ন হয়েছে। বাকী ১২টিই বাস্তবায়ন হয়নি। এসব দাবি মাত্র চার মাসের মধ্যে বাস্তবায়নের শর্ত থাকলেও ৩০ মাসে সরকার এ ব্যাপারে স্কপের সাথে কোনো বৈঠক করেনি। সরকারের এ আচরণ এসব দাবিকে উপেক্ষা করার শামিল। তিনি জোর দিয়ে বলেন, ৩০ জুলাইয়ের মধ্যে দাবি মানা না হলে ধর্মঘট বহাল থাকবে।

এ সময় আবুল কাশেম চৌধুরী প্রতিমন্ত্রীর দাবি বিবেচনার পক্ষে মত প্রকাশ করে বলেন, সরকার দাবি না মানলেও আমরা এসব ব্যাপারে গঠিত কমিটি থেকে আমাদের প্রতিনিধিদের প্রত্যাহার করিনি। ফলে সরকারও পর্যায়ক্রমে এসব বিষয়ে কাজ করে যাচ্ছে। যা বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে।

এ সময় স্কপ নেতারা উত্তেজিত হয়ে পড়েন এবং হই চই শুরু করে দেন। পরে প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।

এর আগে মজুরি বোর্ডে শ্রমিক পক্ষের স্থায়ী প্রতিনিধি জাফরুল হাসান জানান, ন্যুনতম মজুরি বোর্ডের কাজ শেষ হয়ে গেছে। এটি বর্তমানে প্রতিবেদন আকারে মন্ত্রণালয়ে পাঠানোর অপেক্ষায় রয়েছে।

এর আগে সভাপতি কাইয়ুম রেজা চৌধুরী ও মহাসচিব বাসেদুর রহমান চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউজ অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল প্রতিমন্ত্রীর সাথে তার কার্যালয়ে সাক্ষাত করেন।

প্রতিনিধি দলের পক্ষ থেকে গার্মেন্টস কর্মীদের জন্য সাতটি পর্যায়ে সর্বোচ্চ চার হাজার ১৪০ টাকা এবং সর্বনিু এক হাজার ২৪০ টাকা ন্যুনতম মজুরি নির্ধারণের প্রস্তাব করা হয়।

প্রতিমন্ত্রী মালিক ও শ্রমিকের স্বার্থ রক্ষা করে ত্রিপক্ষীয় আলোচনার ভিত্তিতে একটি ন্যুনতম মজুরি নির্ধারনের আশ্বাস দেন।