শান্তিপূর্ণভাবে ১৪ দলের দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু, হাজারো মানুষের ঢল
নাশকতামূলক হামলার আশঙ্কা উপেক্ষা করে দ্বিতীয় দিনে বুধবার বিকালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের পদযাত্রা শুরু হয়েছে। নারায়ণগঞ্জের রিং রোড থেকে যাত্রাবাড়ি অভিমুখে শুরু হওয়া এ পদযাত্রা কর্মসূচিতে হাজার হাজার মানুষ অংশ নেয়।
রিং রোডের সাইনবোর্ড মোড়ে ১৪ দলের এক সমাবেশ থেকে এ পদযাত্রা শুরু হয়। সমাবেশে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুসহ ১৪ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
পদযাত্রায় অংশগ্রহণকারীরা জোট সরকারের পদত্যাগ ও সংস্কারের ইস্যুতে বিভিন্ন শ্লোগান দেয়।
সরকারের পক্ষ থেকে নাশকতার আশংকা এবং ব্যাপক গণগ্রেফতার উপেক্ষা করে নারী, পুরুষ, বৃদ্ধ যুবা নির্বিশেষে ১৪ দলের সর্বস্তরের নেতা -- কর্মী ও সমর্থক দীর্ঘ পথ হেঁটে অহিংস এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। মিছিলকারীরা বিভিন্ন শ্লোগান লেখা ব্যানার, পোস্টার, প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করেন।
প্রধান নির্বাচন কমিশনারসহ অপর দুই নির্বাচন কমিশনারের পদত্যাগ ও নতুন নির্বাচন কমিশন গঠন এবং তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের দাবিতে বিরোধী দল এই পদযাত্রা কর্মসূচির আয়োজন করে।
বিরোধী দলের এই কর্মসূচি উপলক্ষে নিরাপত্তা বিধান ও শৃংখলা রক্ষায় পুলিশ, বিডিআর, র্যাব, এপিবিএন এবং সশস্ত্র বাহিনীর সদস্যসহ বিপুল পরিমাণ আইন -- শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতয়েন করা হয়।
বিরোধী দলের কর্মসূচি চলাকালে জঙ্গি হামলাসহ নাশকতার ঘটনা ঘটতে পারে বলে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে পদযাত্রার বিভিন্ন পয়েন্টে নিরাপত্তারক্ষীদের মোতায়েন করা হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী ছয়দিনের এই পদযাত্রা ২৯ জুলাই নয়াবাজার ব্রিজ থেকে মুক্তাঙ্গন ও ৩০ জুলাই আমিনবাজার থেকে রাসেল স্কয়ার পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এ ছাড়া কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি ১৪ দল ২৭ জুলাই দেশের প্রতিটি ইউনিয়ন থেকে থানা সদরে এবং ২৮ জুলাই জেলা সদরের প্রধান সড়কে পাঁচ কিলোমিটারব্যাপী পদযাত্রা কর্মসূচি পালন করবে।
