২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার আশঙ্কা উপেক্ষা করে ১৪ দলের পদযাত্রার ২য় দিন আজ

নাশকতামূলক হামলার আশঙ্কা উপেক্ষা করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল বুধবার ছয়দিন ব্যাপী পদযাত্রার দ্বিতীয় দিনের কর্মসূচি পালন করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2006, 09:45 AM

Updated : 26 Apr 2022, 03:49 PM

বিরোধী দলের গৃহীত কর্মসূচী অনুযায়ী বুধবার বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ রিংরোড থেকে যাত্রাবাড়ি পর্যন্ত সড়কে একটি পদযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর ২৯ জুলাই নয়াবাজার ব্রিজ থেকে মুক্তাঙ্গন পর্যন্ত, ৩০ জুলাই আমিনবাজার থেকে রাসেল স্কয়ার পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে।

এছাড়া কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি থানা ও জেলা পর্যায়ের ১৪ দলের নেতাকর্মীরা ২৭ জুলাই দেশের প্রতিটি থানা সদরে এবং পরবর্তীতে ২৮ জুলাই জেলা সদরের প্রধান সড়কের ৫ কিলোমিটার এলাকায় পদযাত্রা কর্মসূচি পালন করবে ১৪ দল।

মঙ্গলবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের ৬ দিন ব্যাপী পদযাত্রা কর্মসূচির প্রথম দিন হাজার হাজার মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে পালিত হয়। অংশগ্রহণকারীরা জোট সরকারের পদত্যাগ ও সংস্কারের ভিত্তিতে অবাধ নিরপেক্ষ নির্বাচন আদায়ের শপথ পুনর্ব্যক্ত করেন। 

সরকারের পক্ষ থেকে নাশকতার আশংকা এবং ব্যাপক গণগ্রেফতার উপেক্ষা করে নারী পুরুষ, বৃদ্ধ যুবা নির্বিশেষে ১৪ দলের সর্বস্তরের নেতা কর্মী সমর্থক টঙ্গীর আব্দুল্লাহ্পুর থেকে ঢাকার মহাখালী পর্যন্ত ১৪ কিলোমিটার পথ পায়ে হেঁটে অহিংস এই কর্মসূচিতে অংশ নেন।

প্রধান নির্বাচন কমিশনারসহ অপর দুই নির্বাচন কমিশনারের পদত্যাগ ও নতুন নির্বাচন কমিশন গঠন এবং তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের দাবিতে বিরোধী দল এই পদযাত্রা কর্মসূচির আয়োজন করে।

বিরোধী দলের এই কর্মসূচি উপলক্ষে নিরাপত্তা বিধান ও শৃংখলা রক্ষায় পুলিশ, বিডিআর, র‌্যাব, এপিবিএন এবং সশস্ত্র বাহিনীর সদস্যসহ বিপুল পরিমান আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। 

কর্মসূচি চলাকালে টঙ্গীতে একটি মিনিবাস এবং একটি সিএনজি চালিত অটোরিকশা ভাংচুরের ঘটনা ঘটে। এছাড়া আর কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া য়ায়নি।

টঙ্গীতে একটি সমাবেশ শেষে বিকেল সাড়ে ৪ টায় আবদুল্লাহপুর থেকে বিরোধী দলের কয়েক হাজার নেতা কর্মী পদযাত্রা শুরু করে। রাত সাড়ে সাতটায় পদযাত্রাটি মহাখালীতে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।