৭ সেপ্টেম্বর দিনাজপুর-৩ ও কুমিল্লা-৮ আসনে উপ-নির্বাচন
নির্বাচন কমিশন মঙ্গলবার এক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে দিনাজপুর--৩ ও কুমিল্লা--৮ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আগামী ৭ সেপ্টেম্বর উভয় আসনে একই দিনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
কমিশন সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সহকারী রিটার্নিং অফিসার অথবা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ আগস্ট এবং পরদিন ১৪ আগস্ট রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ আগস্ট।
নির্বাচন পরিচালনার জন্য দিনাজপুর ও কুমিল্লার জেলা প্রশাসকদ্বয়কে রিটার্নিং অফিসার এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদ্বয়কে সহকারী রিটার্নিং অফিসার নিযুক্ত করা হয়েছে।
বিগত ১৪ জুন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী খুরশিদ জাহান হক এবং ২৫ জুন নৌ--পরিবহন মন্ত্রী লে. কর্নেল (অবঃ) আকবর হোসেন মারা গেলে যথাক্রমে দিনাজপুর--৩ ও কুমিল্লা--৮ আসন দু’টি শূন্য হয়।
উপনির্বাচনের প্রস্তুতির মধ্যেই ওই দুই আসনে চলমান ভোটার তালিকা হালনাগাদের কাজ যথারীতি অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
