২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট সরকারের কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত নয় : লন্ডনে এক সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা

জোট সরকারের কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত নয়। সন্ত্রাসের ব্যাপারে অপপ্রচার চালানোর জন্য প্রধান বিরোধী দল আওয়ামী লীগই দায়ী। লন্ডনে অনুষ্ঠিত এক সেমিনারে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রিয়াজ রহমান একথা বলেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2006, 07:48 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

সেমিনারে তিনি বলেন, একেবারে শুরু থেকেই আওয়ামী লীগ অস্থিতিশীলতা সৃষ্টির জন্য একটি নীল নকশা প্রণয়ন করে এবং প্রধান উপাদান হিসেবে তারা ক্ষমতাসীন জোটের ধর্মীয় দলগুলোকে ব্যবহার করার পাশাপাশি তাদের মৌলবাদী হিসেবে চিহ্নিত করে।

‘সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বব্যাপী যুদ্ধ: বাংলাদেশীদের পরিপ্রেক্ষিতে’ শীর্ষক দিনব্যাপী সেমিনারে উপস্থাপিত মূল প্রবন্ধে রিয়াজ রহমান তার এ পর্যবেক্ষন তুলে ধরেন।

প্রতিরক্ষা ও নিরাপত্তা অধ্যয়ন বিষয়ক রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট (আরইউএসআই) এ সেমিনারের আয়োজন করে। বাংলাদেশ নিয়ে আরইউএসআই এই প্রথম এ ধরনের সেমিনার আয়োজন করল।

রিয়াজ রহমানের মতে, আওয়ামী লীগ শুধু জামায়াতে ইসলামিকেই সাথে পেতে চায়নি, তাদের সাথে জোটও গড়েছিল। ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ যেসব কথা বলেছিল রাজপথে আন্দোলনের সময় তারা তাদের সেসব কথা রাখেনি।

বাংলাদেশ বিশেষজ্ঞ হিসেবে এ সেমিনারে যারা অংশ নেন তাদের মধ্যে রয়েছেন ড. এম আর শেলী, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) সাখাওয়াত হোসেন, মেজর জেনারেল আমিনুল করিম এবং ড. আতাউর রহমান। সেমিনারের বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন হাইকমিশনার সাবিহউদ্দিন, ব্যারোনেস পলা উদ্দিন, বিআইআইএসএস চেয়ারম্যান মুফলেহ আর ওসমানী। উদ্বোধনী বক্তব্য রাখেন আরইউএসআইয়ের পরিচালক রিয়ার অ্যাডমিরাল রিচার্ড কোব্বল্ড।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়, ব্রিটিশ বুদ্ধিজীবী, শিক্ষার্থী, শিক্ষক, কয়েকটি দূতাবাসের কূটনীতিক, ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র ও কমনওয়েলথ কর্মকর্তারাসহ ব্যাপক সংখ্যক মানুষ এ সেমিনারে অংশ নেন।

রিয়াজ রহমান জানান, শাসনব্যবস্থা বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে দুর্বল করে দ্বন্দ্বমূলক রাজনীতির কারণে নিশ্চিতভাবেই সন্ত্রাসের অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের জন্য বিপর্যয়কর হয়েছে এবং তারা ওই নির্বাচনে জাতীয় সংসদের তিন ভাগের এক ভাগ আসনও লাভ করতে পারেনি।

তিরি আরও বলেন, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরতে পারবে না।

বাংলাদেশ ও বহির্বিশ্বের জঙ্গিদের মধ্যে কোনও সম্পর্ক রয়েছে কি না এ ব্যাপাারে জানতে চাইলে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের দখলদারিত্বের অবসানের পর থেকে জিহাদের যে চেতনা সৃষ্টি হয়েছে বাংলাদেশের বিরুদ্ধেও সে চেতনায় উদ্বুদ্ধ হওয়ার অভিযোগ বহুদিন ধরে অব্যাহত আছে।

তবে আল কায়েদার সাথে সম্পৃক্ততার অভিযোগ  কোনও দিনই প্রতিষ্ঠিত করা যাবে না বলে তিনি জোরারোপ করেন।

তিনি আরও বলেন, একইভাবে বাংলাদেশের অভ্যন্তরীন ও আন্তর্জাতিক জঙ্গিদের মধ্যে যোগাযোগের বিষয়টিও প্রমাণসাপেক্ষ। তাছাড়া রিয়াজ রহমান সন্ত্রাস দমনে সরকারের স্বল্প ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন সেমিনারে।