পদযাত্রাকে ঘিরে আকাশ ও স্থল পথে র্যাবের কয়েক স্তরের নিশ্চিদ্র নিরাপত্তা
আওয়ামী লীগসহ ১৪ দলের মঙ্গলবার থেকে ডাকা ছয়দিনের ‘পদযাত্রা’ কর্মসূচির অন্তর্ভূক্ত ও পার্শ্ববর্তী এলাকাসমূহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে। এসব এলাকার আকাশসীমায়ও টহল দেবে র্যাব।
পাশাপাশি ঢাকা মহানগর পুলিশ ও বিডিআর এর সাত সহস্রাধিক সদস্যও এসময় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।
র্যাব-এর অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) কর্নেল মাহবুবুর রহমান মোল্লা বিডিনিউজ-কে জানান, একাধিক হেলিকপ্টারসহ র্যাব আকাশপথে টহল দেবে এবং পদযাত্রা গতিপথের দুইপাশের ভবনের ছাদে সিসিটিভিসহ র্যাব অবস্থান নেবে। এ ছাড়া গতিপথ এলাকায় ইউনিফর্ম ও সাদা পোশাকের দুই সহস্রাধিক র্যাব সদস্য কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করবে।
এদিকে পদযাত্রা কর্মসূচির নিরাপত্তা ইস্যুতে সরকার ও বিরোধী দলের মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগ রয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর রোববার গোয়েন্দাদের বরাত দিয়ে নাশকতার আশংকা ব্যক্ত করেছেন। অন্যদিকে বিরোধী দল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, নাশকতার দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।
এই অবস্থায় নিরাপত্তার কৌশল ও নকশা চূড়ান্ত করতে সরকার ও আইন-শৃংখলা বাহিনীর কর্মকর্তারা দফায়-দফায় বৈঠক করছেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রোববার ঢাকা মহানগর পুলিশের সাথে এবং সোমবার র্যাব কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন।
বিডিনিউজ-এর সাথে আলাপকালে র্যাব এর এডিজি কর্নেল মাহবুবুর রহমান মোল্লা জানান, বিরোধী দলের প্রতিদিনের কর্মসূচিকে নিষ্কন্টক করতে পুলিশ ও বিডিআরের পাশাপাশি ২০০০ র্যাব সদস্য মোতায়েন করা হবে। ইউনিফর্ম পরা ও সাদা পোশাকের র্যাব সদস্যরা সংশ্লিষ্ট এলাকায় টহলে থাকবে।
এছাড়াও পদযাত্রার রুট ধরে রাস্তার দুদিকে মুভি ক্যামেরা নিয়ে হেলিকপ্টারে করে র্যাব সদস্যরা টহল দেবে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে র্যাব সদস্যরা হেলিকপ্টারে করে সংশ্লিষ্ট এলাকা পর্যবেক্ষণ করবে।
এর বাইরেও র্যাব সদর দপ্তরের আরো কয়েকটি টিম সবসময় প্রস্তুত থাকবে। জরুরি প্রয়োজনে এসব সদস্যকেও ব্যবহার করা হবে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এসএম মিজানুর রহমান বিডিনিউজকে বলেন, কর্মসূচিকে ঘিরে রাজধানীতে প্রবেশের সবগুলো পথে চেকপোষ্ট বসানো হবে এবং প্রতিটি মানুষ ও যানবাহনকে তল্লাশি করা হবে যাতে কেউ কোন অস্ত্র বা গোলা-বারুদ নিয়ে ঢুকতে না পারে।
পুলিশ এবং গোয়েন্দা তথ্য অনুযায়ী এরই মধ্যে বিভিন্ন হোটেল, বস্তি ও সন্দেহপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। সূত্র জানায়, বিভিন্ন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে গ্রেনেড হামলা ও নাশকতার আশংকা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যবস্থা গ্রহণ করেছে।
বিরোধী দল অবশ্য এই অভিযানের মাধ্যমে নিরাপত্তা ও তল্লাশির নামে তাদের নেতা-কর্মীদের গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছে।
উল্লেখ্য, ঢাকাসহ সারাদেশে অনুষ্ঠেয় কর্মসূচির প্রথম দিন ১৪ দল মঙ্গলবার বিকেল ৪ টায় আব্দুল্লাহ্পুর থেকে মহাখালি পর্যন্ত পদযাত্রায় অংশ নেবে। পরদিন বুধবার নারায়ণগঞ্জ রিং রোড থেকে যাত্রাবাড়ি, ২৯ জুলাই নয়াবাজার ব্রিজ থেকে মুক্তাঙ্গন ও ৩০ জুলাই আমিনবাজার থেকে রাসেল স্কোয়ার পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ২৭ জুলাই দেশের সব ইউনিয়ন থেকে থানা হেডকোয়ার্টার এবং ২৮ জুলাই সব জেলা সদরের প্রধান সড়কে পাঁচ কিলোমিটার এলাকাব্যাপী পদযাত্রা কর্মসূচি পালন করবে ১৪ দল।
