বক্তৃতাবাজ রাজনীতিবিদরা নির্বাচন চান না, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান: সিইসি
সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠানের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজ বলেছেন, কিছু লোক নির্বাচন নস্যাৎ করার জন্য বিশৃঙ্খলা সৃষ্টির তৎপরতা চালাচ্ছে।
সুপ্রীম কোর্ট কর্র্র্তৃক বেআইনি ঘোষিত নতুন ভোটার তালিকার পক্ষে অবস্থান নিয়ে তিনি বলেন, সম্পূর্ণ মিথ্যার ওপরে মামলাটি করা হয়েছে।
ভোটার তালিকা হালনাগাদের যে কার্যক্রম শুরু করা হয়েছে, তা স¤পন্ন করার জন্য প্রয়োজনীয় অর্থ প্রাপ্তির ব্যাপারেও তিনি দৃঢ় আস্থা ব্যক্ত করেন।
সিইসি তার কার্যালয়ে রোববার সাংবাদিকদের সাথে আলাপকালে এ অভিমত প্রকাশ করেন।
বিরোধী দল ও সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার পদত্যাগের ব্যাপারে অব্যাহত দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, যারা বক্তৃতা দেয় তারা নির্বাচন পেছাতে চায়।
তিনি বলেন, তারা দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। আমরা তা হতে দেব না।
সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সিইসি দৃঢ়তার সাথে বলেন, আগামী সাধারণ নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে।
যথাসময়ে নির্বাচন হোক সেটা কারা চায় না সে ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি তাদের কথাবার্তার তোয়াক্কা করি না। গত ১০ বছর ধরে আমি একটি সাংবিধানিক পদে আছি। মনে রাখতে হবে যে, এসসিবিএ এবং ইসি এক জিনিস নয়।
জানুয়ারি থেকে মে’ মাস পর্যন্ত সময়ের মধ্যে ইসির প্রণয়নকৃত ভোটার তালিকার কথা উল্লেখ করে তিনি বলেন, পূর্বে প্রণীত ভোটার তালিকা সম্পূর্ণ ছিল। কিন্তু তার বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করা হয়।
সিইসি তার বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা বলে অভিহিত করে বলেন, প্রত্যেক মামলার একটি কার্যকারণ থাকে। কিন্তু এ মামলাটির কারণ ছিল মিথ্যা।
সুপ্রীম কোর্টের ব্যাপারে তিনি তার বক্তব্য ব্যাখ্যা করে বলেন, আমি তাদের ব্যাপারে কোনও মন্তব্য করব না। এটি দেশের সর্বোচ্চ আদালত।
তবে সিইসি এ কথা বলতে ছাড়েননি যে, তার বিরুদ্ধে আনীত মামলাটি যথাযথ ছিল না।
অর্থ মন্ত্রণালয়ের তরফ থেকে ভোটার তালিকা হালনাগাদ করার জন্যে প্রত্যাশিত অর্থের ছাড় দেওয়া হয়েছে এমন খবর সিইসি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেন।
তিনি বলেন, কে আপনাকে এ কথা বলেছে, আমাকে তার নাম বলুন, আমি আপনাদের সামনেই তার বিরুদ্ধে অ্যাকশান নেবো। মাঠ পর্যায়ের কর্মীদের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আপনারা কেনো মনে করছেন টাকা পাওয়া যাবে না, অবশ্যই যে যার পাওনা পাবে।
অর্থমন্ত্রীর নাম উল্লেখ না করে সিইসি তার সমালোচনা করে বলেন, ইসি’র কাজে বাধা দেওয়ার এখতিয়ার কারো নেই। কারণ এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান।
প্রয়োজন হলে অবশ্যই অর্থ বরাদ্দ দিতে হবে। তিনি আরও জানান, নতুন ভোটার তালিকা প্রণয়ন কাজে ব্যয়িত অর্থের হিসেব দেখানোর জন্যে অর্থ মন্ত্রণালয় যেসব কাগজপত্র দেখতে চেয়েছে তা মন্ত্রণালয়কে পাঠিয়ে দেওয়া হয়েছে।
কখন এ অর্থ ছাড় দেওয়া হতে পারে, তা জানতে চাওয়া হলে সিইসি বিস্ময় প্রকাশ করে বলেন, আমি কী করে জানবো, পুরো বিষয়টিই তো অন্যের হাতে।
